রাজ্য

এবার ৫০০ কোটি টাকার দূর্নীতির অভিযোগ উঠল নবান্নের চার আমলার বিরুদ্ধে, তলব করল ইডি !

এবার ৫০০ কোটি টাকার দূর্নীতির অভিযোগ উঠল নবান্নের চার আমলার বিরুদ্ধে, তলব করল ইডি ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : প্রায় ৫০০ কোটি টাকার মেট্রো ডেয়ারি শেয়ার ৮৫ কোটিতে বিক্রি, যার জেরে নবান্নের ৪ আমলাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি সূত্রে জানা গেছে, রাজ্যের অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, প্রাণীসম্পদ বিকাশ দফতরের প্রাক্তন

সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, রাজেশ সিংহ ও আইএএস রাজীব কুমার-কে ডেকে পাঠিয়েছে ইডি। মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে দুর্নীতির অভিযোগে, ৪ জন আমলার বক্তব্য জানতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মামলায় ,ওই ঘটনায় তদন্তে নামে ইডি। রাজ্যের সচিবদের কাছে সমন পৌঁছতেই নবান্নের দাবি। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তৃণমূলকে বিপাকে ফেলতে কেন্দ্রের এই পদক্ষেপ।

মেট্রো ডেয়ারির ৪৭% শেয়ার ছিল দুগ্ধ ফেডারেশনের হাতে। প্রক্রিয়া মেনে সেই ৪৭% শেয়ার, ৮৫ কোটি টাকায় বিক্রি করা হয় কেভেন্টার্সকে। তার কিছুদিনের মধ্যেই মেট্রোর ১৫% শেয়ার, ১৭০ কোটি টাকায় সিঙ্গাপুরের একটি প্রাইভেট ইকুইটি ফান্ডকে বিক্রি করে কেভেন্টার্স।

কেভেন্টার্স যে দরে শেয়ার বেচেছে, রাজ্য তা বেচলে কোষাগারে ৫০০ কোটি টাকার বেশি আসত, এই দাবি করে হাইকোর্টে মামলা করেছিলেন, লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী। ওই মামলায় ইডিকে পক্ষ করা হয়।

এবং সেই সূত্রেই ইডি তদন্ত শুরু করে। এর আগেও, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায়, ইডি তলব করেছিল তৃণমূল বিধায়ক পরশ দত্তকে। সরকার যখন মেট্রো ডেয়ারি বেসরকারি হাতে তুলে দিয়েছিল , তখন রাজ্য মিল্ক ফেডারেশনের চেয়ারম্যান ছিলেন, তৃণমূল নেতা পরশ দত্ত।

এবার, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলায়, অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও প্রাণীসম্পদ বিকাশ দফতরের তৎকালীন সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, রাজেশ সিংহ ও রাজীব কুমার (IAS)কে ডেকে পাঠিয়েছে ইডি। ২২ জুনের মধ্যে তাদের হাজিরা দিতে বলা হয়েছে।

তবে কোনও কারণে তাঁরা সশরীরে হাজির হতে না পারলে, ভিডিয়ো কনফারেন্সিংয়ে বা লিখিতভাবে তাঁদের বক্তব্য জানাতে পারেন। তবে, এব্যাপারে ইডির কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া মেলেনি আমলাদেরও।

বিরোধীদের অভিযোগ, জেনে বুঝে জলের দরে মেট্রো ডেয়ারিকে, কেভেন্টার্সের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। যে দরে কেভেন্টার্স, সিঙ্গপুরের সংস্থাকে মেট্রো ডেয়ারি শেয়ার বিক্রি করেছে, সেই দরে সরকার শেয়ার বিক্রি করলে ৫০০ কোটি টাকার বেশি আসত রাজ্যের কোষাগারে।

নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘‘সব নিয়ম মেনে শেয়ার বিক্রি করা হয়েছিল। তারপর সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা, সেই শেয়ারের অংশ কাকে বিক্রি করবে, কত দরে বিক্রি করবে, সেটা তাদের ব্যাপার। এখানে সরকারের দায় কী? সবচেয়ে বড় প্রশ্ন, ইডি কেন ওই সংস্থার কর্তাদের না ডেকে, সরকারি আমলাদের বার বার ডাকছে?’’

তবে এই নোটিস প্রসঙ্গে কলকাতায় ইডি-র বিশেষ অধিকর্তা, যোগেশ গুপ্ত ফোনে বা মেসেজে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ইডি-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘‘চার আমলাকে ডাকা হয়েছে।

মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর প্রক্রিয়ায় যে তথ্য পাওয়া গেছে, তাতে ওই আইএএস অফিসারদের বক্তব্য জানা প্রয়োজন”। নবান্নের তরফে পাল্টা বলা হচ্ছে, রাজ্যের চার সিনিয়র আইএএস অফিসারকে ডেকে, কেন্দ্রীয় সরকার ‘প্রতিহিংসার রাজনীতি’ করছে।

কারণ, আইন মেনেই, স্বচ্ছভাবে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করা হয়েছিল, এবং রাজ্য মন্ত্রিসভার সম্মতিতেই তা হয়েছিল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য