ফের ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর, করোনা যোদ্ধাদের সম্মানে সরকারি ছুটি

ওয়েবডেস্ক : করোনা আবহে স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়ে চলেছেন নিরন্তর। রাজ্যের সেই COVID যোদ্ধাদের কুর্নিশ জানাতে আগামী ১ জুলাই সাধারণ ছুটি (State Holiday) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আজ বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ওইদিন রাজ্যে ছুটি। করোনা পরিস্থিতিতে পরোক্ষভাবেও অনেকে সাহায্য করছেন। তাঁদের সকলকে সম্মান জানাতে ওই ছুটি ঘোষণা করা হল।
প্রসঙ্গত, ১ জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় চিকিত্সক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। চিকিত্সক মহলের কাছে দিনটি বিশেষ গুরুত্বের।
সাম্প্রতিক করোনা আবহে সেই ‘ডক্টরস ডে’ কে-ই করোনা যোদ্ধাদের সম্মান জানানোর জন্য বেছে নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণা চিকিত্সকদের কাছে বিশেষ অনুপ্রেরণার, এমনই মত সংশ্লিষ্ট মহলের।
এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই মুখ্যমন্ত্রী সেইসব মানুষের কথাই প্রথমে বলেন, যাঁরা এই কঠিন পরিস্থিতিতে অক্লান্ত পরিষেবা দিয়ে চলেছেন। তাঁর কথায়, ‘যাঁরা সরাসরি চিকিত্সা পরিষেবা কিংবা অন্যান্য স্বাস্থ্য পরিষেবায় যুক্ত রয়েছেন, তাঁদেরও তো মরাল সাপোর্ট দিচ্ছে তাঁদের পরিবার।
আড়ালে থেকে এই সমর্থনটা জুগিয়ে যাচ্ছেন বলেই ফ্রন্টলাইন ওয়ারিয়ররা এত ভালভাবে কাজ করতে পারছেন। এঁদের সকলকে আমাদের তরফে শ্রদ্ধা, সম্মান। সকলের জন্য আমরা স্থির করেছি, ১ তারিখ রাজ্যে ছুটি। এই ছুটির মাধ্যমে তাঁদের এতদিনের কাজকে সম্মান জানাতে চাইছি।’
এদিনের সাংবাদিক বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। করোনা আবহে অন্যান্য চিকিত্সা পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য এবার থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করা হচ্ছে। ১ জুলাই, ডক্টরস ডে থেকেই তার সূচনা হবে।
যাঁরা হাসপাতালে গিয়ে চিকিত্সা করানোর জন্য যেতে পারবেন না, তাঁরা নির্দিষ্ট নম্বরে ফোন করেই চিকিত্সকদের পরামর্শ নিতে পারবেন। রাজ্যের মোট ৬০ জন চিকিত্সককে ‘COVID ওয়ারিয়র্স ক্লাব’ তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর আরও ঘোষণা, এবার থেকে করোনাজয়ীরা হাসপাতালে গিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা বলে অন্য রোগীদের মনোবল বাড়াবেন। তাহলেই করোনাকে জয় করা সহজ হবে বলে বিশ্বাস তাঁর।



