
উৎসবের মরশুম টেট উত্তীর্ণদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই রাজ্যের টেট উত্তীর্ণদের নিয়োগ করা হবে। বুধবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা আবহে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। করোনা পরিস্থিতির মধ্যেই চাকরির দাবিতে সরব হয়েছেন টেট উত্তীর্ণরা। তবে বর্তমান পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের জন্য তৎপরতা নিতে পারেনি সরকার।
তবে বুধবার টেট উত্তীর্ণদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, টেট উত্তীর্ণদের নিয়োগ করবে রাজ্য সরকার। করোনা কমলেই টেট উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সাড়ে ১৬ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের। ২ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন: রাজ্যে লোকাল ট্রেন চললতেই বাড়লো মেট্রোর সংখ্যাও
এরই পাশাপাশি দশম ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষাও এবছর নেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টেস্ট পরীক্ষা না দিয়েই এবার সবাই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন। ঘটছে মৃত্যুও। উৎসবের মরশুমে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এখন বড় চ্যালেঞ্জ সরকারের কাছে।
এই পরিস্থিতিতে পড়ুয়াদের ব্যাপারেও বাড়তি সুরক্ষা নিচ্ছে রাজ্য সরকার। সেই কারণেই করোনাকালে স্কুল খোলার আগে একগুচ্ছ পদক্ষেপের পথে রাজ্য। স্কুল, কলেজগুলিতে যাতে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা রাখা যায় সেব্যাপারে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ পাঠিয়েছে শিক্ষা দফতর।
সুত্র: কলকাতা ২৪*৭



