
করোনার এই পরিস্থিতিতে যখন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন দিল্লি থেকে একের পর এক টিম রাজ্যে আসায় রীতিমতো ক্ষুব্ধ নবান্ন। ভোট-পরবর্তী হিংসার পরিস্থিতি দেখার জন্য রাজ্যে এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রকের টিম। এরপর কেন্দ্রের তরফে মহিলা ও শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল আসে। গতকাল রাজ্যে এসেছে জাতীয় তফশিলি জাতি কমিশনের সদস্যরা।
এই নিয়ে নবান্নের তরফে বলা হয়েছে, হঠাত্ করে কেন্দ্রীয় টিম রাজ্যে আসায় রাজ্যের অফিসারদের কাজে সমস্যা হচ্ছে। কারণ, এই মুহূর্তে তাদের মূল কাজ কোভিড পরিস্থিতির মোকাবিলা করা। দিল্লি থেকে সদস্য এলে তারা যে জেলায় যাচ্ছে সেখানকার জেলাশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসন তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। ফলে তাদের মূল কাজে ব্যাহত হচ্ছে।
তৃতীয়বারের জন্য শপথ নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই মুখ্যমন্ত্রী বলেন, বাইরে থেকে এসে এরা আরও করোনা ছড়াচ্ছে। এর আগে বহিরাগতরা এসে এমনিতেই শেষ করে দিয়েছে। প্রসঙ্গত, শপথের ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে। তা নিয়েও ক্ষোভ উগড়ে দেন মমতা।
সুত্র: আজকাল



