
শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই সিবিআই দফতরে হাজির হলেন রত্না চট্টোপাধ্যায়। যদিও নারদা কাণ্ডে সরাসরি অভিযুক্ত নন রত্না। এ দিন সিবিআই দফতরে ঢোকার সময় বেহালা পূর্বের বিধায়ক জানিয়েছেন, সিবিআই ডেকেছে বলেই তিনি এসেছেন। তবে কেন তাঁকে ডাকা হয়েছে তিনি জানেন না।
নারদা কাণ্ডের তদন্তে এ দিনই রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। আজই তাঁদের আদালতে তোলা হবে।
বর্তমানে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। নারদা কাণ্ডের তদন্ত চলাকালীনই দু’ জনের সম্পর্কে অবনতি হয়। যে সময়ে নারদা কাণ্ডে শোভনের নাম জড়ায়, তখন তিনি কলকাতা পুরসভার মেয়র ছিলেন। পরে দলত্যাগ করে বিজেপি-তে যোগ দেন শোভন। যদিও প্রার্থী হওয়া নিয়ে মতান্তরের জেরে বিজেপি-র সঙ্গেও সম্পর্ক ত্যাগ করেন শোভন চট্টোপাধ্যায়।
তবে একা রত্না চট্টোপাধ্যায় নন, ইতিমধ্যে সিবিআই দফতরে পৌঁছেছেন ফিরহাদ হাকিমের মেয়ে, মদন মিত্রের ছেলেও। প্রত্যেক নেতার আইনজীবীরাও পৌঁছে গিয়েছেন সিবিআই দফতরে। সবথেকে বড় কথা, সিবিআই দফতরে গিয়ে বসে আছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সূত্র : নিউজ ১৮



