ক্রিকেট

কোভিড প্রতিরোধী ‘ওষুধ মজুত,’ গৌতম গম্ভীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের

Gautam Gambhir : কোভিড প্রতিরোধী ‘ওষুধ মজুত,’ গৌতম গম্ভীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের - West Bengal News 24

করোনার ওষুধ মজুত করার অভিযোগে এবার প্রাক্তন ক্রিকেটার এবং বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের বিরুদ্ধে তদন্ত করার জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়াকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। করোনা অতিমারির সময় সাধারণ মানুষকে ফ্যাবিফ্লু ওষুধ বিতরণ করেছিলেন গম্ভীর এবং তাঁর সঙ্গীরা।

এই প্রসঙ্গ উল্লেখ করেই তাঁর বিরুদ্ধে ওষুধ মজুত করার অভিযোগে মামলা দায়ের হয়। গম্ভীরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে আদালতের পর্যবেক্ষণ, জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার সত্‍ উদ্দেশ্যে ওষুধ বণ্টন করলেও তিনি যে পদ্ধতিতে তা করেছেন তা সঠিক নয়।

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নির্দেশ দিতে গিয়ে আদালত বলে, ‘যা তদন্ত করার ড্রাগ কন্ট্রোলার তা করবে। উনি (গৌতম গম্ভীর) জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ছিলেন। আমরা নিশ্চিত, উনি যা করেছেন তা সত্‍ উদ্দেশ্যেই করেছেন। কিন্তু যেভাবে তিনি এগিয়েছেন, তা অনিচ্ছাকৃত হলেও জাতীয় স্বার্থের বিরোধী।’

আদালতে জমা পড়া নথি অনুযায়ী, ডক্টর গর্গ নামে একজন চিকিত্‍সকের পরামর্শে নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ফ্যাবিফ্লু-র ২৬২৮টি স্ট্রিপ কিনেছিলেন গম্ভীর।

মামলার স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে, ওষুধ বিতরণের পর গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থার হাতে থাকা ২৮৫ স্ট্রিপ ওষুধ সরকারি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। আদালত প্রশ্ন তোলে, কীভাবে একটি প্রেসক্রিপশন দেখে সরবরাহকারীরা এত বিপুল সংখ্যক ওষুধ গম্ভীরের সংস্থার হাতে দিল?

এক সপ্তাহের মধ্যে ডিজিসিআই-কে তদন্ত করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে গোটা এই প্রক্রিয়ায় কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাও আদালতকে জানাতে বলা হয়েছে।

আপ বিধায়ক প্রবীণ কুমার এবং প্রীতি তোমারের বিরুদ্ধেও ডিজিসিআই-কে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। কারণ ওই দুই বিধায়কের বিরুদ্ধে অক্সিজেন মজুত করার অভিযোগ।

সূত্র: নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button