পাক জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ, উপত্যকার ৪৫টি জায়গায় হানা দিল এনআইএ

জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য! ভারতে নাশকতার ছক সার্থক করার উদ্দেশ্যে বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার কাশ্মীরের ৪৫টি জায়গায় তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ভারতের মাটিতে সন্ত্রাস রুখতে তত্পর স্বরাষ্ট্র মন্ত্রক।
অমিত শাহ দেশের নিরাপত্তা রক্ষীদের এই সন্ত্রাস বন্ধের ও এর সঙ্গে যুব সমাজের যোগ কমানোর ওপর জোর দেওয়ার নির্দেশ দেন। বিশেষত, ২০১৯ সালে ভারতে নিষিদ্ধ হওয়া জামাত-ই-ইসলাম নামক সংগঠনের কার্যকলাপের ওপর বিশেষ করে নজর দেওয়ার কথাও বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। তদন্তকারী দল সূত্রে খবর, নতুন করে সংগঠনটি সক্রিয় কার্যকলাপের শুরু করেছে কাশ্মীরে।
তাতেই জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপি জওয়ানদের সঙ্গে নিয়ে রবিবার সকালে তল্লাশি অভিযানে নামেন কেন্দ্রীয় গোয়েন্দার আধিকারিকরা। মূলত জামাত-ই-ইসলামের ডেরায় অভিযান চালানো হয়। রবিবার সকাল থেকেই শ্রীনগর, বদগাম, বারামুল্লা, কুপওয়ারা, বন্দিপোরা, অনন্তনাগ, সোপিয়ান, পুলওয়ামা, কুলগাম, ডোডা, কিস্তওয়ার, রাজৌরি-সহ একাধিক জেলায় তল্লাশি চলছে।
উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বাড়তে থাকায় পর পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলেছে। সেই থেকেই তত্পর ভারতীয় তদন্তকারী দল। গত মাসের পর এদিন ফের একবার সন্ত্রাসে আর্থিক সহায়তা করার কেসে তল্লাশি চালায় তারা। গত মাসের ১০ তারিখ এই একই কেসে ৬ জনকে গ্রেফতার করে এনআইএ।
সুত্র : দ্য ওয়াল



