রাজনীতিরাজ্য

শীঘ্রই তৃণমূলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী? মোদির ছবি সরিয়ে বিতর্ক, বাড়ছে জল্পনা

শীঘ্রই তৃণমূলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী? মোদির ছবি সরিয়ে বিতর্ক, বাড়ছে জল্পনা - West Bengal News 24

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া সাইনবোর্ড খুলে ফেললেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যা নিয়ে রায়গঞ্জে বিজেপির অন্দরেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। রায়গঞ্জের বিধায়ক এবং সাংসদের দ্বন্দ্ব ক্রমশ বেড়েই চলেছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী গত কয়েকদিন ধরেই বেসুরো গাইছেন। বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিসের বাইরে থাকা মোদির ছবি দেওয়া সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। কয়েকদিন আগেই কৃষ্ণ কল্যাণীর কার্যালয়ের বাইরে থাকা দেবশ্রী চৌধুরীর ছবি ঢেকে দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, ‘আমার কার্যালয়ের বাইরে থাকা ‌সাইনবোর্ডটা বিপজ্জনক ভাবে ঝুলছিল। তাই নামিয়েছি। মেরামতের চেষ্টা চলছে। যদি মেরামত হয় তবে ফের ঝুলিয়ে দেব। নয়তো নতুন সাইনবোর্ড তৈরি করে লাগিয়ে দেওয়া হবে।’‌

প্রসঙ্গত, রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রকাশ্যে এবার দলের সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনলেন। কৃষ্ণ কল্যাণীর কথায়, ‘‌রায়গঞ্জ থেকে বিধানসভা ভোটে টিকিট চেয়েছিলেন দেবশ্রী চৌধুরী। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও নাকি ছিলেন দেবশ্রী চৌধুরী। এখন শুনছি, রাজ্য বিজেপির সভাপতি হবেন দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরী রাজ্য সভাপতি হলে ১০ বিধায়কও বিজেপিতে থাকবে না।’‌

আরও পড়ুন : বড় খবর : কয়লা পাচারকাণ্ডে রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংহকে জিজ্ঞাসাবাদ ইডি-র

রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর কথায়, ‘‌কৃষ্ণের মানসিক সমস্যা আছে। আমি ওঁর ব্যাপারে কিছু বলব না। আমি সংগঠন থেকে এসেছি।’‌

প্রসঙ্গত, মুকুল রায় বিজেপি ছাড়তেই উত্তরবঙ্গের একাধিক বিধায়ক তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। সম্প্রতি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ও ফিরে গিয়েছেন তৃণমূলে। এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নিয়ে বাড়ছে জল্পনা। কৃষ্ণ কল্যাণী বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দেন।

রায়গঞ্জের প্রভাবশালী ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী রাজীব ব্যানার্জি, মুকুল রায়দের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। বিধানসভা ভোটে হারার পর থেকে রাজীব ব্যানার্জিকেও আর বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি। রাজনৈতিক মহলের মতে, রাজীব ব্যানার্জিও তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন।

উল্লেখ্য, রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রকাশ্যেই উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার থেকে শুরু করে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছেন। দলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসে পড়ায় যথেষ্ট বিড়ম্বনায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

সূত্রঃ আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য