সীমান্তে পাক হামলা চললে পালটা জবাব, সেনাকর্তাদের পূর্ণ ছাড় দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সীমান্তে হামলার জবাব দিতে এবার সেনাকর্তাদের দেওয়া হল ‘পূর্ণ স্বাধীনতা’। যুদ্ধবিরতির মাঝেও পাকিস্তানের দিক থেকে গোলাগুলি থেমে নেই। এই প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়ে দিয়েছেন, “ওপার থেকে হামলা হলেই পালটা মার”। সীমান্ত পরিস্থিতি নিয়ে সেনাকমান্ডারদের সঙ্গে বৈঠক করে এমন নির্দেশ দিয়েছেন তিনি।
গত চার দিনের সীমান্ত উত্তেজনার জেরে শনিবার সন্ধ্যায় দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত কার্যকর হলেও, পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। পাকিস্তানের তরফে গুলি ও মর্টার ছোঁড়ার ঘটনা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে রবিবার, পশ্চিম সীমান্তে মোতায়েন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান। বৈঠকে পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি জানিয়ে দেন, সীমান্তে যেকোনো রকম আক্রমণের তৎক্ষণাৎ জবাব দিতে সেনাবাহিনী সম্পূর্ণ স্বাধীন।
সেনার তরফে ‘X’ হ্যান্ডেলে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সংঘর্ষবিরতির মধ্যেও ১০-১১ মে আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে।’ এই পরিস্থিতিতে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন। জানানো হয়, ‘১০ মে দুই দেশের ডিজিএমও-এর আলোচনায় যে সমঝোতা হয়েছে তা কোনওভাবে লঙ্ঘন হলে পালটা ব্যবস্থা নেওয়ার জন্য সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।’
অন্যদিকে, সোমবার দুপুর ১২টায় ফের মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তানের ডিজিএমও। এই বৈঠকে কাশ্মীর ইস্যু উঠতে পারে বলেই ধারণা করা হচ্ছে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এর আগেই জানিয়ে দিয়েছেন, “মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা।” এর মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ এবং কাশ্মীর প্রসঙ্গ। ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত আলোচ্য বিষয়ের বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।



