বলিউড

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভারত-পাক সংঘাতে লাগাম’, সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে মোদির প্রশংসায় আমির খান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভারত-পাক সংঘাতে লাগাম’, সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে মোদির প্রশংসায় আমির খান - West Bengal News 24

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কয়েকদিন মানসিকভাবে বিচলিত ছিলেন আমির খান। ব্যক্তিগতভাবে ভেঙে পড়লেও সেই অনুভব তিনি সোশাল মিডিয়ায় প্রকাশ করেননি। এমনকি নিজের সিনেমার প্রিমিয়ারে পর্যন্ত অনুপস্থিত ছিলেন। ঘনিষ্ঠ মহলে তিনি মনখারাপের কথা জানিয়েছিলেন। আর এমন আবহেই ভারত-পাক উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এই বলিউড অভিনেতা।

১২ মে, সোমবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের পর আমির খান প্রকাশ্যে প্রশংসা করেন নরেন্দ্র মোদির। ভাষণে মোদি বলেন, “আমাদের দেশের মা-বোনেদের সিঁথির সিঁদুর মুছলে কতখানি দাম দিতে হয়, আজ তা বুঝে গিয়েছে উগ্রপন্থীরা। জঙ্গিরা স্বপ্নেও ভাবেনি ভারত এত বড় পদক্ষেপ করবে।” পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের অভিযান থামেনি— “স্থগিত হয়েছে মাত্র”। অর্থাৎ, সংঘর্ষবিরতি হয়েছে ঠিকই, কিন্তু ‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি বলেই স্পষ্ট বার্তা দেন তিনি। পাকিস্তানের ভবিষ্যৎ কার্যকলাপের উপর নজর থাকবে ভারতের, এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাবও দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দেওয়ার পরই প্রধানমন্ত্রীকে দুঃসাহসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান আমির খান এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

‘আমির খান প্রোডাকশনস’-এর অফিশিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি লেখেন, ‘অপারেশন সিঁদুরের বীর সেনাদের কুর্নিশ। দেশের সুরক্ষায় আমাদের সশস্ত্র বাহিনীর দুঃসাহসিক অভিযানের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওঁদের সাহসিকতাকে কুর্নিশ। আর এভাবে নেতৃত্ব দিয়ে সমস্যার সমাধান করায় মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জয় হিন্দ।’

প্রসঙ্গত, সোমবারের আগে পর্যন্ত আমির খানের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ‘অপারেশন সিঁদুর’ বিষয়ে কোনও মন্তব্য ছিল না। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলার মুক্তি স্থগিত রাখা হয়েছে।

সাম্প্রতিক খবর অনুযায়ী, দেশের যুদ্ধকালীন আবহে ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় আমিরের প্রযোজনা সংস্থা। বহু প্রতীক্ষিত এই ছবির ঝলক দেখার অপেক্ষায় দর্শকরা অধীর হলেও, এই মুহূর্তে দেশ যখন সেনাবাহিনীর বীরত্ব দেখছে, তখন সিনেমা প্রচারে মন না দেওয়ার পক্ষেই মত দিয়েছেন অভিনেতা। বলিউড সূত্রে জানা গিয়েছে, সেনার পাশে দাঁড়ানোর বিষয়টিকে গুরুত্ব দিয়েই আমির ও তাঁর টিম এমন সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার ঘনিষ্ঠদের মতে, এই কঠিন সময়ে দেশের পাশে থাকা প্রতিটি নাগরিকের দায়িত্ব, আর সেই কারণেই ট্রেলার মুক্তি থেকে বিরত রয়েছেন আমির খান। এদিন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি জানান, ‘ভারত-পাক উত্তেজনা কমাতে যেভাবে প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়েছেন, তা প্রশংসনীয়।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য