
টানা চৌদ্দ বছর টেস্ট ক্রিকেট খেলার পর অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। অফ ফর্ম কাটিয়ে আবার ছন্দে ফিরলেও লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। এই ঘোষণা যে ভক্তদের আবেগে ভাসিয়েছে, তা বলাই বাহুল্য। শুধু ক্রিকেট প্রেমীরা নন, বলিউড তারকারাও কোহলির এমন সিদ্ধান্তে আবেগতাড়িত। এই আবহে নিজের মনের কথা লিখলেন অনুষ্কা শর্মা।
ইনস্টাগ্রামে অনুষ্কা শেয়ার করেছেন বিরাটের পুরনো একটি মুহূর্তের ছবি—যখন পারফরম্যান্স খারাপ হওয়ায় বিরাটকে নানা কটাক্ষ সহ্য করতে হয়েছিল। সেই সময়ের স্মৃতি মনে করেই তিনি লেখেন, ‘সবাই হয়তো তোমার রেকর্ড, মাইলস্টোন নিয়ে বলবে- তবে আমি তোমার সেই কান্নার দিনগুলো মনে রাখব, যেটা তুমি কখনও প্রকাশ্যে দেখাওনি, তোমার অন্দরের যে যুদ্ধগুলো কেউ দেখেনি এবং এই টেস্ট ক্রিকেটকে তুমি যে অপরিসীম ভালোবাসা দিয়েছ। আমি এগুলো তোমাকে কীভাবে গড়ে তুলেছে। প্রতিটা টেস্ট সিরিজের পর, তুমি একটু বেশি জ্ঞানী, আরেকটু বিনম্র হয়ে ফিরে আসতে এবং এই যাবতীয় বিষয়ের মধ্য দিয়ে তোমাকে বিকশিত হতে দেখাটা, আমার কাছে বড় সৌভাগ্যের বিষয়।’
উল্লেখ্য, কোভিড পরবর্তী সময়ে ধারাবাহিক ব্যর্থতার জন্য কোহলিকে নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। কেউ কেউ বলেছিলেন তাঁর সময় শেষ। কিন্তু বিরাট মাঠে ফিরেছিলেন আগের থেকেও বেশি জেদ নিয়ে। আর ঠিক সেই কারণেই ১২ মে, সোমবার যখন তিনি নিজেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান, তখন অনুষ্কা আরও একবার লেখেন, ‘আমি সবসময়ে ভাবতাম একদিন হয়তো তুমি এই সাদা জার্সিতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু তুমি সবসময়ে তোমার মনের কথা শুনেছো। এই বিদায় বেলায় তোমাকে অনেকটা ভালোবাসা, আর এটা তুমি নিজে অর্জন করেছ।’



