‘আমার সময় শেষ’, মার্কিন প্রশাসন থেকে পদত্যাগ করলেন ট্রাম্পের ‘ঘনিষ্ঠ’ মাস্ক
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মার্কিন প্রশাসনে আর থাকছেন না টেসলা প্রধান এলন মাস্ক। তিনি ‘DOGE’-এর শীর্ষপদ থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও তাঁর মেয়াদ ছিল “৩০ মে” পর্যন্ত, তবে তার একদিন আগেই তিনি প্রশাসন ছাড়ার সিদ্ধান্ত নেন। এই বিষয়ে সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন মাস্ক।
মাস্ক এক টুইটে লেখেন, “মার্কিন সরকারের বিশেষ কর্মচারী হিসেবে আমার সময় শেষ হয়েছে। অপচয়মূলক সরকারি ব্যয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। সময়ের সঙ্গে সঙ্গে DOGE-এর লক্ষ্য আরও শক্তিশালী হবে।”
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে এলন মাস্ককে জায়গা দেন। তাঁকে ‘সরকারি দক্ষতা বিভাগ’ বা ‘Department Of Government Efficiency’—এর দায়িত্ব দেওয়া হয়। DOGE ছিল ট্রাম্প প্রশাসনের একটি বড় উদ্যোগ, যার লক্ষ্য ছিল মার্কিন প্রশাসনিক খরচ হ্রাস এবং সংস্থাগুলোর কাঠামোগত রূপান্তর। এই দায়িত্বের ভার দেওয়া হয়েছিল এলন মাস্ককে।
তবে ৬ মার্চ, বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প জানিয়ে দেন যে, ‘DOGE’-এর প্রধান হয়েও মাস্ক নিয়োগ কিংবা ছাঁটাইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। তাঁর ভূমিকা সীমাবদ্ধ থাকবে পর্যবেক্ষকের পর্যায়ে।
এই ঘটনার পর থেকেই দুই ব্যক্তির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা ছড়ায়। এর পাশাপাশি, ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়েও মাস্কের মতপার্থক্য ছিল। গত কয়েক সপ্তাহে তাঁদের সম্পর্কে টানাপোড়েনের নানা ইঙ্গিত মিলেছে।
এলন মাস্ক ‘মার্কিন সরকারের বিশেষ কর্মকর্তা’ হিসেবে ‘১৩০ দিনের’ জন্য নিযুক্ত ছিলেন। সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু ট্রাম্প মেয়াদ বাড়ানোর পক্ষপাতী হননি। এর আগেই পদত্যাগ করায় মাস্ক ও ট্রাম্পের ‘বন্ধুত্বের ফাটল’ নিয়ে আলোচনা আরও জোরাল হয়েছে।



