
ঝাড়গ্রাম জেলার চন্দ্রী এলাকার আউসপালে জমি সংক্রান্ত বিবাদ চরম পরিণতির রূপ নিল। পরিবারের অভ্যন্তরীণ বিবাদের জেরে এক ব্যক্তি খুন হলেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম বাহাদুর হেমব্রোম (৪৫)। অভিযোগ, তাকে গলা কেটে খুন করেছে তার জ্যাঠতুতো বৌদি ও বৌদির দুই ছেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। পরিবারের সদস্যদের দাবি, রাতে একটি শব্দ পেয়ে বাহাদুরের মা ঘরের বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন, জ্যাঠতুতো বৌদি ও তার দুই ছেলে বাহাদুরের মুখ চেপে ধরে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে বাড়িতে ফিরে অন্যান্য ছেলেদের ডাকেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে বাহাদুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বৌদি ও তার এক ছেলেকে খুনের অস্ত্র সহ গ্রেপ্তার করে। অন্য ছেলে ঘটনার পর থেকে পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তবে তা যে খুনের মতো জঘন্য ঘটনার রূপ নেবে, তা কেউ কল্পনা করতে পারেনি। এলাকার মানুষজনের মধ্যে এই ঘটনার পর প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতের পরিবারের সদস্যরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আজ বাহাদুর হেমব্রোমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, জমি বিবাদকেই এই খুনের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।



