
মালাইকা অরোরা ও অর্জুন কাপুর—এই দুই তারকার সম্পর্ক সবসময়েই নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। তাদের বয়সের ফারাক ঘিরে যেমন চর্চা হয়েছে, তেমনই বিচ্ছেদের পরও তারা একে অপরের প্রতি সৌজন্য বজায় রেখেছেন। যদিও সম্পর্কের ভাঙন নিয়ে কখনও সরাসরি কিছু বলেননি দু’জনের কেউই। কিন্তু সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে তাঁদের ঘিরে।
রবিবার মালাইকা তাঁর ইনস্টাগ্রামে একটি ঘরোয়া মুহূর্তের ছবি শেয়ার করেন। ছবিতে তাঁর পোষ্যও ছিল নজরে। আর সেই পোস্টেই লাইক দেন অর্জুন কাপুর। অর্জুনের এই আচরণ নজর এড়ায়নি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিষয়টি। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন—”ফের কি কাছাকাছি আসছেন অর্জুন ও মালাইকা?”
প্রায় ছয় বছর ধরে একসঙ্গে ছিলেন তাঁরা। তবে গত বছর আচমকাই তাঁদের সম্পর্কের ইতি ঘটে। যদিও কারও তরফেই বিচ্ছেদ নিয়ে সরাসরি কোনও মন্তব্য শোনা যায়নি। একবার একটি অনুষ্ঠানে অর্জুন বলেছিলেন, “এখন আমি সিঙ্গল”। আর তার কিছু পরেই মালাইকা জানিয়েছিলেন, “তিনি তাঁর ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান”।
এখন নেটদুনিয়ায় নতুন করে তাঁদের পুরনো সম্পর্ক ঘিরে চর্চা শুরু হয়েছে। তবে অর্জুন বা মালাইকার তরফে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য আসেনি।



