‘আন্দোলন নিয়ে রাজনীতি নয়’, পড়ুয়াদের সমর্থন করেও সতর্কবার্তা সলমনের, নীরব শাহরুখ-আমিররা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে দিল্লির রাজপথে রাত জেগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। অথচ সেই সময় বিনোদনজগতের তারকারা কি ঠান্ডাঘরে বসে শুধুই ‘তামাশা’ দেখছেন? গত কয়েক দিন ধরে এমনই প্রশ্নের মুখে পড়েছেন হিন্দি চলচ্চিত্র জগতের প্রথম সারির বহু তারকা। ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থনে প্রকাশ্যে কোনও মন্তব্য না করায় খান-কাপুর থেকে বচ্চন পরিবারের একাধিক সদস্যকে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে।
তবে এই তালিকায় ব্যতিক্রম সলমন খান। শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন কিংবা কাপুর পরিবারের সদস্যরা যখন পড়ুয়াদের আন্দোলন নিয়ে নীরব, তখন নিজের ছাত্রজীবনের একটি ছবি প্রকাশ করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ভাইজান। তাঁর এই অবস্থান দেখে নেটিজেনদের একাংশের প্রতিক্রিয়া, ‘টাইগার অভি জিন্দা হ্যায়’।
বুধবার গভীর রাতে সামাজিক মাধ্যমে ছাত্র আন্দোলন নিয়ে নিজের মতামত প্রকাশ করেন সলমন। ছাত্রজীবনের একটি সাদাকালো ছবি শেয়ার করে বলিউড সুপারস্টার লেখেন, “আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, কিন্তু শেষপর্যন্ত যেমন সহিংস রূপ নিল, সেটা সত্যিই দুঃখজনক! যারা আহত হয়েছেন, সেসব শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। প্রশ্নপত্র ফাঁস আদতেই শিক্ষাব্যবস্থার এক অত্যন্ত গুরুতর সমস্যা। তবে আমাকে এটা আনন্দ দিচ্ছে যে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আমাদের দেশের পড়ুয়ারা একজোট হয়েছে এবং ওদের অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন। ওরা দৃঢ় কণ্ঠে যে অবস্থান নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। কঠোর পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি একটি উন্নত ও শিক্ষিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে ওদের এই নিষ্ঠা, আন্তরিকতা এবং আগ্রহ সত্যিই প্রশংসনীয়।”
এরপর ভাইজান আরও বলেন, “এই আন্দোলন বা প্রতিবাদের পথই সঠিক। আর শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছে। ওরা সত্যিই সাহসী এবং অদম্য। শিক্ষার প্রতি এই প্রজন্মের এমন একাগ্রতা ও উদ্দীপনা ভবিষ্যতে ভারতকে গর্বিত করবে।”
পড়ুয়াদের আন্দোলনের প্রতি সমর্থন জানালেও বিষয়টি নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন সলমন। বলিউড সুপারস্টারের কথায়, এই আন্দোলন মূলত শিক্ষার্থী এবং দেশের শিক্ষাব্যবস্থার মধ্যেকার বিষয়, তাই এই আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব শুধুমাত্র আমাদের দেশের শিক্ষার্থীদের প্রাপ্য। আমার বিশ্বাস, সরকারও তাদের পূর্ণ সহায়তা করবে এবং শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। আখেড়ে এটা সকলের জন্যেই ফলপ্রসূ। ইতিবাচক ফলের আশাই রাখছি আমি। যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন।
পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে সলমনের প্রার্থনা, “এমন সময় আসুক যখন বিদেশ থেকে পড়াশোনার জন্য মানুষ ভারতে আসবে এবং ভারত ‘এডুকেশন্যাল হাব’-এ পরিণত হবে। শিক্ষাই হোক আগামী প্রজন্মের ধারক।”
জুলাই মাসের শুরু থেকেই নিট কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্বে রয়েছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর-মন্তরে টানা পঁচিশ দিন ধরে চলা এই আন্দোলন গত সোমবারের ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন মোড় নেয়।
অভিযোগ, বিক্ষোভকারী ‘আরশোলা’দের আটকাতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের আন্দোলনের সমর্থনে মুখ খুলেছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ এবং অরিজিৎ সিংয়ের পাশাপাশি বলিউডের নতুন প্রজন্মের একাধিক তারকাও প্রতিবাদে সরব হয়েছেন। এবার ছাত্র আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সলমন খান।



