জাতীয়

অপারেশন সিঁদুরের পর শক্তিবৃদ্ধি, জুলাইতেই ভারতের হাতে আসছে আরও ‘উড়ন্ত ট্যাঙ্ক’ অ্যাপাচে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অপারেশন সিঁদুরের পর শক্তিবৃদ্ধি, জুলাইতেই ভারতের হাতে আসছে আরও ‘উড়ন্ত ট্যাঙ্ক’ অ্যাপাচে - West Bengal News 24

প্রায় দেড় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের হাতে এসে পৌঁছচ্ছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। সূত্রের খবর অনুযায়ী, এই জুলাই মাসেই আমেরিকা থেকে তিনটি অ্যাপাচে হেলিকপ্টার ভারতে এসে পৌঁছাবে। সেইসব কপ্টার উত্তর-পশ্চিম সীমান্তে মোতায়েন করা হবে। ভারতীয় সেনার এভিয়েশন কর্পসের যোধপুর ইউনিটের অধীনেই পরিচালিত হবে এই অ্যাপাচেগুলি।

২০২৪ সালের মার্চ মাসে যোধপুরে প্রথম অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার স্কোয়াড্রন তৈরি হয়। কিন্তু তখন হেলিকপ্টারগুলি ভারতে পৌঁছায়নি। চিন এবং পাকিস্তানের সম্ভাব্য হুমকিকে মাথায় রেখে, ২০২০ সালে মার্কিন সংস্থা বোয়িংয়ের সঙ্গে ছ’টি AH-64E অ্যাপাচে কেনার জন্য প্রায় ৪,১০০ কোটি টাকার একটি চুক্তি করে ভারতীয় সেনা। সেই চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের মে-জুন মাসে প্রথম তিনটি হেলিকপ্টার ভারতের হাতে আসার কথা ছিল। পরে সেই সময়সীমা পিছিয়ে যায় ডিসেম্বর পর্যন্ত। যদিও সেখান থেকেও অনেক সময় পেরিয়ে গিয়েছে। সেনার শীর্ষ মহলের তরফে জানানো হয়েছিল, “অ্যাপাচের প্রথম ব্যাচ মে মাসে আসবে” — কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

আমেরিকার পক্ষ থেকে জানানো হয় যে, “প্রযুক্তিগত কিছু জটিলতার কারণে অ্যাপাচে হস্তান্তরে বিলম্ব হচ্ছে”। তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, “এই জুলাই মাসেই তিনটি অ্যাপাচে ভারতে চলে আসবে”। অপারেশন সিঁদুরের পরে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় প্রথম দফার হেলিকপ্টারগুলি পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে। এরই মধ্যে অ্যাপাচে চালানোর জন্য ভারতীয় পাইলট এবং সংশ্লিষ্ট কর্মীরা প্রশিক্ষণ শেষ করেছেন। “তাঁরা এখন সম্পূর্ণভাবে অভিযানের জন্য প্রস্তুত”।

বিশ্বজুড়ে মাত্র ১৭টি দেশ এই হেলিকপ্টার ব্যবহার করে। এই হেলিকপ্টারগুলি একসঙ্গে একাধিক মিশনে নিযুক্ত হতে সক্ষম। বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে “২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার” রয়েছে। এদের মধ্যে “১১টি হেলিকপ্টারে রয়েছে লং বো ফায়ার কন্ট্রোল রাডার” যা শত্রুপক্ষের ঘাঁটিতে আতঙ্ক সৃষ্টি করতে পারে। “হেলফায়ার (নরকের আগুন) মিসাইল”-ও রয়েছে এতে। শত্রুর ট্যাঙ্ক ধ্বংসে এর ক্ষমতা অতুলনীয়, যার ফলে “ট্যাঙ্ক কিলার” নামে পরিচিত অ্যাপাচে। একই সঙ্গে এর শক্তিশালী প্রতিরক্ষাকবচ থাকার জন্য “উড়ন্ত ট্যাঙ্ক” বলেও একে অভিহিত করা হয়।

আরও পড়ুন ::

Back to top button