সোশাল মিডিয়ায় উসকানিমূলক কনটেন্টে উদ্বেগ, সাইবার অপরাধ ঠেকাতে অমিত শাহকে চিঠি দিলেন মমতা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সোশাল মিডিয়ায় সম্প্রতি উসকানি ও ভুয়ো তথ্যভিত্তিক পোস্ট ক্রমেই বাড়ছে। যার জেরে সমাজের নানা স্তরের মানুষ সমস্যায় পড়ছেন। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক নাগরিকরাও সামাজিক হেনস্থার শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে কঠোর সাইবার আইনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে লিখিত আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মতে, শুধু কঠোর আইন হলেই চলবে না, প্রয়োজন ডিজিটাল সচেতনতা বাড়ানোও।
সম্প্রতি রাজ্যে একাধিক ব্যক্তি সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কখনও তাদের সম্মানহানি ঘটেছে, আবার কখনও ব্যক্তিগত সম্পর্ক বা প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা চালানো হয়েছে। সাইবার থানায় জমা পড়েছে বহু ভুয়ো অভিযোগ।
এই সব ঘটনার ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আকৃষ্ট হয়েছে, এবং তিনি বিষয়টি নিয়ে চিন্তিত। পাশাপাশি, বিভিন্ন ঘটনার পর সোশাল মিডিয়ায় যে ধরনের প্রচার হয়, তা অনেক সময়েই বাস্তবতাবিবর্জিত ও অতিরঞ্জিত হয়ে থাকে। এমন কিছু পোস্ট নিয়ে সম্প্রতি রাজ্য পুলিশকেও সতর্কতা জারি করতে হয়েছে। মুখ্যমন্ত্রী মনে করছেন, “সাধারণ মানুষ ডিজিটাল মাধ্যমে সুরক্ষা সম্পর্কে এখনও অনেকটাই অসচেতন, তাই এমন প্রতারণা বা বিভ্রান্তি রোখা যাচ্ছে না।”
এই পরিস্থিতি তুলে ধরেই বৃহস্পতিবার এক চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “এসব রুখতে কঠোরতম শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তেমন হলে আইনসভা এতে হস্তক্ষেপ করুক। নির্দিষ্ট পদ্ধতি মেনে নতুন আইন প্রণয়ন হোক কিংবা যেসব আইন রয়েছে, তার সংশোধন করার আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।”



