টলিউড

লক্ষ্মীবারে মা-বাবাকে সঙ্গে নিয়েই ‘প্রজাপতি ২’-এর শুটিংয়ে লন্ডনে পাড়ি দিলেন দেব

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

লক্ষ্মীবারে মা-বাবাকে সঙ্গে নিয়েই ‘প্রজাপতি ২’-এর শুটিংয়ে লন্ডনে পাড়ি দিলেন দেব - West Bengal News 24

আবার শুরু হতে চলেছে ‘প্রজাপতি’র জাদু। তবে এবার গল্পের পটভূমি বিদেশে। প্রথম পর্বে বক্স অফিসে দারুণ সাফল্যের পর, বহু প্রতীক্ষিত সিক্যুয়েলের শুটিংয়ের জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিলেন অভিনেতা দেব। কিন্তু সিনেমার ইউনিট নয়, এই সফরে তাঁর সঙ্গী মা, বাবা ও বোন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশে উড়ে যান তিনি।

‘প্রজাপতি ২’-এর কাহিনি আবর্তিত হবে লন্ডনের প্রেক্ষাপটে। পরিচালক অভিজিৎ সেন এবং শুভদীপ দাস কয়েক দিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন। আগেই জানা গিয়েছিল, ‘৫ জুন থেকে ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিং শুরু হবে।’ সেই মতো ধীরে ধীরে কলাকুশলীরা পৌঁছচ্ছেন লন্ডনে। দেবও এবার শুটিংয়ের ফাঁকে সময় বের করে পরিবারকে সময় দিতে চান।

প্রথম ‘প্রজাপতি’ ছবিতে ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে দেবের রসায়ন নজর কেড়েছিল দর্শকের। এবারও টেলিভিশনের অভিনেত্রীর উপরেই ভরসা রেখেছেন দেব। টলিপাড়ার খবর, ‘প্রজাপতি ২’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। যদিও অভিনেত্রীর কথায়, “এখনই এই বিষয়ে বলতে পারব না।” দেব-মিঠুনের জুটিতে ফিরছেন মমতা শঙ্করও।

২০২৩ সালে মুক্তি পাওয়া দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ সিনেমা বক্স অফিসে সফল হয়েছিল এবং দর্শকদের ভালবাসাও কুড়িয়েছিল। চলতি বছরের সরস্বতী পুজোয় প্রযোজক অতনু রায়চৌধুরী এই সিক্যুয়েলের ঘোষণা করেন। তখনই জানানো হয়, ‘চলতি বছরেরই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে।’ আর সিনেমা মুক্তি পাবে বড়দিনে—ডিসেম্বর মাসে।

পুজোয় ‘রঘু ডাকাত’-এর পর এবার বড়দিনের দৌড়ে ফের দেব। সঙ্গে মিঠুনের চিরন্তন ম্যাজিক। আগের ছবিতে বাবা-ছেলের সম্পর্ক ঘিরে দু’জনের অভিনয় ছুঁয়ে গিয়েছিল দর্শকদের মন। পরিচালক অভিজিৎ সেনও বরাবরের মতো সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো পর্দায় ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত। এবারও সেই প্রত্যাশা নিয়েই অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা। বিগত কয়েক বছর ধরে বড়দিন মানেই দেব, অতনু ও অভিজিতের ছবি। ‘প্রজাপতি’র সিক্যুয়েলেও সেই সোনার ফর্মুলা যে আবার কাজ করবে, সে ব্যাপারে আশাবাদী দর্শকরা।

আরও পড়ুন ::

Back to top button