
শনিবার বিকেলে (স্থানীয় সময়) ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিও ডি জেনেরিওর গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে দেওয়া হয় সম্মানজনক অভ্যর্থনা।
এটাই লাতিন আমেরিকার এই দেশে মোদির চতুর্থ সফর। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ব্রাসিলিয়া শহরেও যাবেন বলে জানা গেছে।
ব্রাজিলে পা রেখেই মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “ব্রিকস সম্মেলনে যোগ দিতে আমি রিও ডি জেনেরিওতে পৌঁছে গিয়েছি। পাশাপাশি, প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভার আমন্ত্রণে আমি রাজধানী ব্রাসিলিয়াতেও যাব।”
এছাড়াও, স্থানীয় ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান।
এই বছর ৬ ও ৭ জুলাই রিও ডি জেনেরিওতে বসছে ব্রিকস সম্মেলন। তবে এবারের বৈঠকে অংশ নিতে পারবেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আলোচনায় সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুলতে পারেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি উঠে আসতে পারে পহেলগাঁও হামলা ও ভারতের ‘অপারেশন সিঁদুর’ বিষয়টিও। এর সঙ্গে যুক্ত হতে পারে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের অপ্রত্যাশিত শুল্কনীতির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাতে পারেন ব্রিকস নেতারা। এছাড়া বিশ্ব অর্থনীতিতে এ ধরনের নীতির সম্ভাব্য প্রভাব নিয়েও বিশদে আলোচনা হতে পারে।
উল্লেখযোগ্য, ভারত, চিন, ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা — এই পাঁচটি দেশ মিলে তৈরি হয়েছে ব্রিকস গোষ্ঠী। প্রতি বছর পালাক্রমে কোনও একটি সদস্য দেশ এই সম্মেলনের আয়োজন করে। গতবার রাশিয়ার কাজানে বসেছিল ব্রিকসের অধিবেশন। বিশ্বশান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনার মঞ্চ হয়ে ওঠে এই আন্তর্জাতিক মঞ্চ।



