জলকষ্টে কোণঠাসা পাকিস্তান, সন্ত্রাসবাদ ইস্যুতে নরম সুর – হাফিজ ও আজাহারকে ভারতের হাতে তুলে দিতে রাজি ইসলামাবাদ
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সিন্ধুর জল সমস্যায় জর্জরিত পাকিস্তান অবশেষে সন্ত্রাস নিয়ে ভারতের কাছে নমনীয় অবস্থান গ্রহণ করল। পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ এবং জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজাহারকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে তারা প্রস্তুত। যদিও তিনি এও স্পষ্ট করেন, এই প্রক্রিয়ায় ভারতের সহযোগিতা জরুরি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, “পাকিস্তানের সঙ্গে আলোচনায়, বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনায় বসতে আমরা প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, “সুসম্পর্কের নিরিখে লস্কর ই তইবার প্রধান হাফিজ সইদ ও জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে আমরা প্রত্যর্পণ করতে রাজি আছি।”
হাফিজ সইদ ইতিমধ্যেই সন্ত্রাসে অর্থ জোগানোর অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত জঙ্গি আজাহারকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিলাওয়াল বলেন, “ভারত এদের বিরুদ্ধে সীমান্তবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলেছে। তবে সেক্ষেত্রে তাদের দোষী প্রমাণ করতে কিছু মৌলিক পন্থা অবলম্বনে অস্বীকার করেছে ভারত।”
সঙ্গে আরও বলেন, “ভারতের প্রতিনিধি পাকিস্তানের আদালতে এসে উপযুক্ত প্রমাণ দিক।”
এর পরেও তাঁর মন্তব্য, “যদি ভারত এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত থাকে তাহলে তারা জানাক। সেক্ষেত্রে আমি নিশ্চিত যে পাকিস্তানের মাটিতে অপরাধী এই ব্যক্তিদের প্রত্যর্পণে আর কোনও বাধা থাকবে না।”
সন্ত্রাসবাদ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “সন্ত্রাস পাকিস্তান বা ভারত কারও স্বার্থেই কাজ করে না।”
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিলাওয়ালের আরও বক্তব্য, “হাফিজ সইদ এখানে বহাল তবিয়তে রয়েছে একথাটা ঠিক নয়। আর মাসুদ আজহারের কথা যদি বলেন আমরা ওকে গ্রেপ্তার করতে পারিনি কিংবা চিহ্নিত করতে পারিনি। ওর আফগান জেহাদিদের সঙ্গে অতীত সম্পর্ক মাথায় রেখে বলতে পারি, আমাদের বিশ্বাস ও আফগানিস্তানেই রয়েছে। যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে ও পাকিস্তানের মাটিতেই রয়েছে, সেক্ষেত্রে আমরা ওকে খুশি মনে গ্রেপ্তার করতে পারি। কিন্তু ঘটনা হল, ভারত সরকার তেমন কোনও তথ্য দিচ্ছে না।”
উল্লেখ্য, পাকিস্তান বারবার দাবি করলেও, আন্তর্জাতিক স্তরে একাধিকবার প্রমাণিত হয়েছে যে জঙ্গিদের আশ্রয়দাতা দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকা স্পষ্ট। হাফিজ সইদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার জলচাপ ও কূটনৈতিক চাপের মুখে সুর বদলেছে ইসলামাবাদ। ভারত জল আটকে দেওয়ার হুঁশিয়ারির পরই তড়িঘড়ি আলোচনার বার্তা দিয়েছিল পাকিস্তান। এবার সেই ধারাবাহিকতায় জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়ার আগ্রহ দেখাল পাক বিদেশমন্ত্রী।



