
ফিরেই বাজিমাত। আবারও প্রমাণ করলেন কেন তিনি টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসাযোগ্য অস্ত্র। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন। তবে তৃতীয় টেস্টে ফিরে একাই পাল্টে দিলেন ছবিটা। তুলে নিলেন ৫ উইকেট, আর সেই সঙ্গেই নিজের নাম লেখালেন লর্ডসের অনার্স বোর্ডে। সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেললেন এবং ভেঙে দিলেন কিংবদন্তি কপিল দেবের একটি গুরুত্বপূর্ণ রেকর্ড।
প্রথম দিনের শেষে বুমরাহর শিকার ছিল শুধুমাত্র হ্যারি ব্রুক। কিন্তু দ্বিতীয় দিন নতুন বল হাতে নিয়ে দেখিয়ে দিলেন ‘জসসি যয়সা কই নেহি’। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে ফিরিয়ে শুরু। পরের শিকার, সেঞ্চুরিকারী জো রুট। তাঁকেও বোল্ড করে দিলেন। পরপর বলেই ক্রিস ওকসকে ফিরিয়ে তৈরি করলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। শেষে জোফ্রা আর্চারের স্টাম্প ছিটকে দিয়ে নিজের ইনিংস শেষ করলেন দুরন্তভাবে।
এটাই বুমরাহর টেস্ট কেরিয়ারের ১৫তম পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব। যার মধ্যে ১৩ বারই দেশের বাইরে এই নজির গড়েছেন তিনি। এই সংখ্যাটি কপিল দেবের থেকেও বেশি—যিনি বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।
তাছাড়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহ SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) এশিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডেও উঠে এলেন এক নম্বরে। SENA দেশগুলিতে আক্রমের উইকেট সংখ্যা ‘১৫১টি’।
এতেই থেমে থাকেননি তিনি। জো রুটকে টেস্টে সর্বাধিকবার আউট করার তালিকায় এখন শীর্ষে রয়েছেন বুমরাহ—যদিও সেটা ভাগাভাগি করে নিয়েছেন প্যাট কামিন্সের সঙ্গে, দু’জনেই রুটকে আউট করেছেন ‘১১বার’।
দ্বিতীয় ইনিংসে আর একটি রেকর্ড বুমরাহর সামনে। ইংল্যান্ডে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট রয়েছে ইশান্ত শর্মার (৪৮টি)। বুমরাহ এই টেস্টেই তাঁর সেই রেকর্ডে সমতা আনলেন। দ্বিতীয় ইনিংসে আরও একটি উইকেট তুলতে পারলেই তিনি ইশান্তকেও ছাপিয়ে যাবেন।



