টলিউড

‘প্রজাপতি ২’-এ দেবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল! টলিপাতায় কাস্টিংয়ে চমক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Idhika Paul in Projapati 2 : ‘প্রজাপতি ২’-এ দেবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল! টলিপাতায় কাস্টিংয়ে চমক - West Bengal News 24

‘প্রজাপতি ২’ নিয়ে টলিউডে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে কে হবেন এই ছবির নায়িকা— তা নিয়ে দর্শকদের কৌতূহল ছিল প্রবল। কিছুদিন আগেই জানা গিয়েছিল, ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুন্ডু এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। তবে দ্বিতীয় নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে চলছিল নানা জল্পনা। এবার মিলল সেই প্রশ্নের উত্তর। টলিউড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দেবের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালকে।

এই মুহূর্তে ‘প্রজাপতি ২’-এর শুটিং চলছে লন্ডনে। পরিচালক অভিজিৎ সেনের ক্যামেরায় ফের বাবা-ছেলের চরিত্রে ধরা দিচ্ছেন মিঠুন চক্রবর্তী এবং দেব। শোনা যাচ্ছে, ছবির গল্পে দেব থাকবেন লন্ডনে কর্মরত এক চরিত্রে। এছাড়া এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ‘একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী— যা সংবাদ প্রতিদিন ডট ইন-এ প্রকাশ পেয়েছে আগেই।

তৃতীয়বারের জন্য দেব-ইধিকার জুটিকে বড় পর্দায় দেখা যাবে এই ছবিতে। এর আগে ‘খাদান’ কিশোরীর চরিত্রে ইধিকা এবং দেবের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। এবার দেখা যাক, ‘প্রজাপতি ২’-এ তাঁদের জুটি কতটা মন জয় করে নিতে পারে। তবে জানা গিয়েছে, লন্ডনে ছবির বাকি অংশের শুটিং হলেও ইধিকার অংশের দৃশ্যধারণ হবে কলকাতায়।

এরই মাঝে দেব সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের ফাঁকে একাধিক ছবি পোস্ট করে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছেন। গত সপ্তাহেই মা-বাবাকে নিয়ে লন্ডনে পৌঁছেছেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রজাপতি’ ছবিটি দর্শকদের বিপুল ভালবাসা পেয়েছিল এবং বক্স অফিসেও সফল হয়েছিল। চলতি বছর সরস্বতী পুজোয় ‘প্রজাপতি ২’-এর ঘোষণা করেন প্রযোজক অতনু রায়চৌধুরী। ঠিক হয়েছিল, জুন মাসে শুটিং শুরু হবে এবং বড়দিনে মুক্তি পাবে সিক্যুয়েলটি।

পুজোয় ‘রঘু ডাকাত’-এর সাফল্যের পর, এবার বড়দিনে দেব-মিঠুন জুটির কামব্যাক নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। তার মধ্যেই ইধিকা পালের উপস্থিতি যেন ছবিতে নতুন মাত্রা যোগ করল।

আরও পড়ুন ::

Back to top button