আগস্টেই দেশজুড়ে ভোটার তালিকা পর্যালোচনার প্রস্তুতি, সুপ্রিম কোর্টের মামলার মধ্যেও সক্রিয় নির্বাচন কমিশন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision বা SIR)’ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে সেই মামলার রায় না হওয়া সত্ত্বেও, নির্বাচন কমিশন আগামী ‘আগস্ট মাস থেকে দেশজুড়ে ভোটার তালিকা সমীক্ষা’ শুরু করার পরিকল্পনায় এগোচ্ছে বলে “সংবাদসংস্থা পিটিআই” সূত্রে জানা গেছে। যদিও এই প্রক্রিয়ার চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে “সুপ্রিম কোর্টের রায়ের” উপর।
বিহারে ভোটার তালিকা সংশোধনের অন্যতম উদ্দেশ্য হল ‘অবৈধ অনুপ্রবেশকারী ও অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া’। কমিশনের তরফে বলা হয়েছে, “শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে”। বিহারের পর ধাপে ধাপে অন্যান্য রাজ্যেও এই তালিকা সংশোধনের কাজ হবে বলে আগেই জানা গিয়েছিল। “রবিবার পিটিআই জানিয়েছে”, নির্বাচন কমিশন এই প্রক্রিয়া শুরু করতে চলেছে এবং সেই অনুযায়ী রাজ্যস্তরে সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশও দেওয়া হচ্ছে।
তবে এই ‘বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)’ সংক্রান্ত একাধিক মামলা এখনো বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানির দিন ‘২৮ জুলাই’ ধার্য হয়েছে। সেদিন কমিশন দেশজুড়ে সমীক্ষা শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
অন্যদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে—’বিহারের ভোটার তালিকায় বিদেশি নাগরিকের উপস্থিতি ধরা পড়েছে!’ সেই রিপোর্ট অনুযায়ী, ‘নেপাল, বাংলাদেশ এবং মায়ানমার’ থেকে আসা বহু ব্যক্তি তালিকাভুক্ত হয়েছেন, যাঁদের বিহারে কোনও স্থায়ী ঠিকানাই নেই।
চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। এরপর ‘২০২৬ সালে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরলে’। তার আগে দেশব্যাপী এই বিশেষ সমীক্ষা রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।



