
‘কে বলে গো সেই প্রভাতে নেই আমি…’! ৪৫ বছর কেটে গেলেও তিনি আজও বাঙালির মনে একইভাবে জীবন্ত। তিনি উত্তমকুমার — বাঙালির হৃদয়ের মহানায়ক। সময় গড়িয়ে গেলেও তাঁর জনপ্রিয়তায় কেউ ছাপিয়ে যেতে পারেননি। আজ, ২৪ জুলাই, সেই মহানায়কের প্রয়াণ দিবস। এই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানালেন তাঁকে।
‘এক্স’ হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “মহানায়ক উত্তমকুমার-এর মৃত্যু বার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের সবার মনের মণিকোঠায় আজও উত্তমকুমার বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি।”
উত্তমকুমারের অবদানে সম্মান জানিয়ে তাঁর নামে পুরস্কার চালুর কথাও মনে করিয়ে দেন মমতা। বলেন, “আমি গর্বিত, সিনেমায় ও বাঙালি মননে উত্তমকুমারের অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সরকারই ২০১২ সাল থেকে বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের স্বীকৃতি জানানোর জন্য মহানায়ক সম্মান পুরস্কার চালু করেছে। আমি রেলমন্ত্রী থাকার সময়ই টালিগঞ্জ মেট্রো রেলস্টেশনের নাম পাল্টে রাখা হয় ‘মহানায়ক উত্তমকুমার’।
তাঁর নামাঙ্কিত ‘উত্তম মঞ্চ’-কেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।” আবেগে ভেসে মুখ্যমন্ত্রী আরও লেখেন, “উত্তমকুমার বাঙালির স্বপ্নের মহানায়ক – চিরকালীন ভালোবাসা। তাঁর মৃত্যুদিনে আমি আর একবার তাঁকে আমার প্রণাম জানাই।”
১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন অরুণকুমার চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীতে উত্তমকুমার নামে বাঙালির অন্তরে জায়গা করে নেন। সামনে তাঁর জন্মশতবর্ষ। সেই উপলক্ষে আয়োজন করা হবে সিনেমা প্রদর্শনী, আলোচনা, বই প্রকাশ সহ নানা অনুষ্ঠান। তবে তার আগে আজকের এই দিনে, ফিরে দেখা সেই হঠাৎ চলে যাওয়ার যন্ত্রণাময় স্মৃতি।



