
যুক্তরাজ্যের একজন ভাসকুলার সার্জন পাঁচ লাখ পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি ২৭ লাখ টাকা) বীমা দাবি করার জন্য তার উভয় পা কেটে ফেলেছেন বলে আদালতে অভিযোগ আনা হয়েছে। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের করনওয়ালের নীল হপার নামে ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি সেপসিসের কারণে তার পা হারিয়েছেন।
আদালতের সাক্ষ্য অনুসারে, তিনি অ্যারিভা গ্রুপ নামের একটি বীমা প্রতিষ্ঠান থেকে দুই লাখ ৩৫ হাজার ৬২২ পাউন্ড ও ওল্ড মিউচুয়াল নামের বীমা প্রতিষ্ঠান থেকে দুই লাখ ৩১ হাজার ৩১ পাউন্ড আয় করার আশা করেছিলেন।
তবে ঘটনার এক ভয়ংকর দিক হলো—অভিযোগ অনুযায়ী তিনি দ্য ইউনাচ মেকার নামের একটি ওয়েবসাইট থেকে অঙ্গচ্ছেদের ভয়াবহ ভিডিও কিনেছিলেন ও একই সঙ্গে একটি চরম দেহরূপান্তর চক্রের মূল হোতা মারিয়ুস গুস্টাভসনকে তৃতীয় ব্যক্তিদের শরীর থেকে অঙ্গ কেটে ফেলতে উৎসাহ দিয়েছিলেন।
তার বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতি করার জন্য উৎসাহিত করা বা সহায়তা করার অভিযোগও আনা হয়েছে। এসব কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার ঘটনাগুলো ঘটেছে ২০১৮ সালের ২১ আগস্ট থেকে ২০২০ সালের ৪ ডিসেম্বরের মধ্যে বলে আদালতকে জানানো হয়েছে।
হপার ২০১৩ সাল থেকে রয়্যাল কর্নওয়াল হসপিটালস এনএইচএস ট্রাস্টে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তবে ২০২৩ সালের মার্চে গ্রেপ্তারের পর তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।
ট্রাস্টের এক মুখপাত্র এক বিবৃতিতে স্পষ্ট করে বলেন, ‘অভিযোগগুলো হপারের পেশাগত আচরণের সঙ্গে সম্পর্কিত নয় ও রোগীদের জন্য কোনো ধরনের ঝুঁকির প্রমাণও পাওয়া যায়নি।’
২০২৩ সালের ডিসেম্বর থেকে তাকে মেডিকেল রেজিস্টার থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।



