ঝাড়গ্রাম

‘NRC মানব না, যাঁরা আইন করেছে তাঁদের বার্থ সার্টিফিকেট আছে?’, ঝাড়গ্রামে বিস্ফোরক মমতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : ‘NRC মানব না, যাঁরা আইন করেছে তাঁদের বার্থ সার্টিফিকেট আছে?’, ঝাড়গ্রামে বিস্ফোরক মমতা - West Bengal News 24

২০২৫-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতিতে এখন তুঙ্গে উত্তেজনা। তারই মধ্যে ভোটার তালিকা সংশোধন ও বাঙালিদের লক্ষ্য করে হেনস্তার অভিযোগ ঘিরে চর্চায় উঠে এল NRC বিতর্ক। বুধবার ঝাড়গ্রামে এক জনসভা থেকে এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, ‘যাঁরা আইন করেছে, তাঁদের বার্থ সার্টিফিকেট আছে?’

মমতার অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি নতুন ষড়যন্ত্রে মেতেছে। তাঁর ভাষায়, “ভোটার তালিকায় নাম আছে কিনা, তা আবার দেখতে হবে। কেন্দ্র নাম বাদ দিতে নতুন করে চক্রান্ত করেছে। না জেনে ফর্ম ফিল আপ করবেন না। নতুন ভোটার যাঁরা হচ্ছেন মনে রাখবেন বাবা-মায়ের সার্টিফিকেট লাগবে। এটা ডবল ইঞ্জিনের সরকারের চক্রান্ত। নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চক্রান্ত।”

তিনি আরও বলেন, “যাঁরা বাংলাদেশ থেকে আইন মেনে এসেছেন তাঁরা এদেশের নাগরিক। অনুপ্রবেশকারী ইস্যু আমাদের হাতে নেই। কেন বলছেন? চিঠি পাঠাচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, মতুয়াদের। আমাদের বাংলার মানুষরা লড়াই করল। সংগ্রাম করল। আর বিদেশি? তোমরা একা স্বদেশি? এই জিনিস আমরা বরদাস্ত করব না। মানব না। রুখে দাঁড়াবেন।”

মমতা বাঙালিদের ওপর ভিনরাজ্যে অত্যাচারের বিষয়েও কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রত্যেক মানুষের একটা ভাষা আছে। ভাষা তাঁর সম্মান, গর্ব। আর বলছে বাংলা ভাষাই নেই। এদের কী বলব বলুন? নীরবে বুকটা ফেটে যায়। ওরা বাজে কথা বলে আমরা বলতে পারি না। আমরা মর্মাহত, শোকাহত। মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। ২ হাজারের বেশি ফিরিয়ে এনেছি। গুরগাঁও, অসম, রাজস্থান, মধ্যপ্রদেশে অত্যাচার করছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

ভোটের আগে বলবে টাকা নাও আর ভোট দাও। তুমি টাকা দেওয়ার কে? ওটা মাটির টাকা, তোমার টাকা নয়। সব দেবেন। নিজের ঠিকানা দেবেন না। নিজের ভাষা দেবেন না। নিজের অস্তিত্ব দেবেন না। বাংলা ভাষায় কথা বললেই বলছে রোহিঙ্গা। জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। যখন মানুষ বিপদে পড়ে ভেদাভেদ করে না। ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর মুম্বইতে অত্যাচার হচ্ছে। মুম্বইতে একজনকে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করে বস্তায় তোলা হয়েছে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ?”

উল্লেখযোগ্যভাবে, বাঙালিদের উপর হামলার প্রতিবাদে এর আগেও রাস্তায় নেমে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার ফের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সুর চড়ালেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য