অর্থনীতিআন্তর্জাতিক

মার্কিন সিদ্ধান্তে চিংড়ি বাজারে ধাক্কা, বিকল্প খুঁজছে রপ্তানিকারীরা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মার্কিন সিদ্ধান্তে চিংড়ি বাজারে ধাক্কা, বিকল্প খুঁজছে রপ্তানিকারীরা - West Bengal News 24

মার্কিন শুল্ক-বোমায় চাপে পড়েছে ভারতের চিংড়ি রপ্তানি। সংকট কেবল পশ্চিমবঙ্গেই নয়, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মতো রাজ্যও বড় ধাক্কা খেয়েছে। এ অবস্থায় চিংড়ি ব্যবসায়ীরা বিকল্প বাজারের সন্ধান শুরু করেছেন, যেখানে ইউরোপ এবং পূর্ব এশিয়ার দেশগুলিকে টার্গেট করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর ভারত প্রায় ৬৫,০০০ কোটি টাকার চিংড়ি রপ্তানি করে, যার মধ্যে বাংলার অবদান প্রায় ৪,৫০০ কোটি টাকা। মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপর চাহিদা অনুযায়ী ভিয়েতনাম, থাইল্যান্ড, চিন, জাপান এবং রাশিয়া বড় বাজার হিসেবে থাকে। তবে আমেরিকার শুল্কনীতির কারণে ভারতীয় রপ্তানিকারীরা এখন ব্যাকফুটে। অনেকেই মার্কিন বাজারে পাঠানো ‘শিপমেন্ট’ বাতিল বা স্থগিত রাখছেন।

দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্যামসুন্দর দাস বলেন, “ট্রাম্পের সিদ্ধান্ত চিংড়ি রপ্তানিকারীদের কাছে একটা অপ্রত্যাশিত ধাক্কা।” দিঘারই চিংড়ি রপ্তানিকারী চিন্তামণি মণ্ডলের মন্তব্য, “চড়া শুল্কে চিংড়ি রপ্তানি করা মানে বড় ক্ষতির মুখে পড়া। আমি কিছুদিন অপেক্ষা করব এবং পরিস্থিতি খতিয়ে দেখব। তারপর ইউরোপের দেশগুলিতে নতুন বাজার খোঁজার চেষ্টা করব।”

কলকাতা-ভিত্তিক মেগা মোডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর যোগেশ গুপ্তা জানান, “কয়েকটা দিন যাক, কী পরিস্থিতি দাঁড়ায় দেখি। আমার মনে হয়, পরিস্থিতি এ রকম থাকবে না। আমেরিকা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে। আমরা বর্তমানে ৩০ শতাংশ রপ্তানি আমেরিকায় করি, ইউরোপে করি ২০ শতাংশের মতো। পরিস্থিতি না বদলালে ইউরোপে রপ্তানির হার বাড়াতে হবে।”

সংস্থার সেক্রেটারি জেনারেল কে এন রাঘবনের কথায়, “আমাদের এই পরিস্থিতিতে অন্যান্য দেশের বাজার খুঁজে বের করতে হবে। সরকার বর্তমানে ব্রিটেনের সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও কথা চলছে। আমরা তার পর পরিস্থিতি বুঝে এগোতে পারব।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য