
নদী শুধু জলধারা নয়—সে সভ্যতার স্রোত, প্রকৃতির স্পন্দন, মানুষের আশা। অথচ প্লাস্টিকের দাপটে আজ দমবন্ধ অবস্থা তার। সেই বার্তাই ভিন্নধর্মী শিল্পরূপে ফুটে উঠল মেদিনীপুর সুইমিং ক্লাবের জলমঞ্চে।
ক্লাবের ৭৮তম প্রতিষ্ঠা দিবসে, অবিভক্ত মেদিনীপুর ও ঝাড়গ্রামে দেশে প্রথমবার মঞ্চস্থ হলো বিরল শিল্পরূপ—ওয়াটার পাপেট। যৌথ উদ্যোগে “একটি নদীর কথা” নাটকটি প্রযোজনা করল ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি।

পাপেট নির্মাণ ও মঞ্চসজ্জা সম্পূর্ণ করেছে ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি। অভিনয়ে অংশ নিলেন সান্নয়ী, নাভিয়া, শুভমিতা, অষ্টমী, প্রেয়শী, স্বপ্নময়, রায়েশ, আকীদুল প্রমুখ খুদে সাঁতারু। ভিয়েতনামের গ্রামীণ সংস্কৃতির শিকড়ে থাকা এই শিল্পে জলই হয়ে ওঠে মঞ্চ। রঙিন পুতুলেরা ভেসে চলে তরঙ্গের বুকে, আর আড়ালে থাকা শিল্পীরা লাঠি ও সুতোয় প্রাণ দেন চরিত্রে। আলো, সঙ্গীত আর জলের ঢেউ মিলিয়ে তৈরি হয় অপার্থিব দৃশ্য।

নাটকের বার্তা স্পষ্ট—নদীকে বাঁচাতে হলে প্লাস্টিক দূর করতেই হবে। মানুষের শুভবুদ্ধিই পারে নদীর পবিত্রতা ফিরিয়ে দিতে। শেষ দৃশ্যে নদীর মুক্তি দেখে হাততালিতে ফেটে পড়লেন দর্শক, মনে গেঁথে নিলেন একটি সত্য—নদীকে ভালোবাসা মানে প্রকৃতিকে ভালোবাসা।




