খেলা

হরমনপ্রীতের জোড়া গোল, জাপানকে হারিয়ে সুপার ফোরে ভারত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Harmanpreet Singh : হরমনপ্রীতের জোড়া গোল, জাপানকে হারিয়ে সুপার ফোরে ভারত - West Bengal News 24

হকি এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেল টিম ইন্ডিয়া। বিহারের রাজগীরে আয়োজিত এই প্রতিযোগিতায় জাপানকে ৩-২ গোলে হারিয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করল হরমনপ্রীত সিংয়ের দল। ম্যাচে ভারতের অধিনায়ক একাই করলেন দুটি গোল।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে রক্ষণভাগ নিয়ে সমস্যা ধরা পড়েছিল। দ্বিতীয় ম্যাচেও একই ছবি দেখা যায়। তবে শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। ম্যাচের মাত্র ৪ মিনিটেই গোল করেন মনদীপ সিং। সেটিই টুর্নামেন্টে ভারতের প্রথম ‘ওপেন’ গোল। মিনিট খানেক পর পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হরমনপ্রীত সিং। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। এসময় একাধিকবার গুরুত্বপূর্ণ সেভ করেন গোলকিপার কৃষাণ পাঠক।

তবে বিরতির পর চাপ বাড়ায় জাপান। তৃতীয় কোয়ার্টারের অষ্টম মিনিটে গোল করে ব্যবধান কমান কোসেই কাওয়াবে। ম্যাচে তখন চাপে পড়ে ভারত। তবে ফের ভরসা দেন হরমনপ্রীত। আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি। যদিও শেষ মুহূর্তে আবার গোল শোধ করে দেন কাওয়াবে। তবে তাতেও ফল বদলায়নি, ৩-২ ব্যবধানেই জয় পায় ভারত।

এই সাফল্যে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করেছে ভারত, পুল ‘এ’-র শীর্ষে রয়েছে হরমনপ্রীতরা। গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ কাজাখস্থান, যারা চিনের কাছে ১-১৩ গোলে হেরে গিয়েছে। বর্তমানে চিন ও জাপানের সংগ্রহ ৩ পয়েন্ট করে। শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে। যে-ই জিতুক না কেন, ভারতের পয়েন্টকে টপকানো সম্ভব নয়। ফলে শেষ ম্যাচের ফলাফল নির্বিশেষে সুপার ফোরে জায়গা পাকাপাকি হয়ে গেল ভারতের।

আরও পড়ুন ::

Back to top button