নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকিকেই বেছে নিল ‘জেন জি’
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নেপালের নতুন নেতৃত্বের জন্য অগ্রণী ভূমিকায় ‘জেন জি’। প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকেই তাঁরা বেছে নিলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে। ৫০০০-এরও বেশি তরুণ-তরুণী অনলাইন বৈঠকে একমত হয়ে কারকির নাম ঘোষণা করেছে।
প্রথমদিকে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ-এর নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল। কিন্তু ‘জেন জি’-র একাধিক প্রচেষ্টা সত্ত্বেও তিনি কোনও সাড়া দেননি। নেপালের সংবাদমাধ্যমকে ‘জেন জি’-র এক প্রতিনিধি বলেন, “যেহেতু তিনি (বলেন শাহ) আমাদের ফোন ধরেননি, তাই আলোচনা করে অন্য নামে চলে যাই। সবচেয়ে বেশি সমর্থন মেলে সুশীলা কারকির পক্ষে।”
তরুণ আন্দোলনকারীরা কারকির কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠালে তিনি সমর্থনের প্রমাণ হিসেবে অন্তত ১,০০০ স্বাক্ষর চান। শেষ পর্যন্ত ২,৫০০-রও বেশি স্বাক্ষর জমা পড়ে তাঁর সমর্থনে।
এছাড়া বৈঠকে আরও কয়েকজনের নামও আলোচনায় উঠে আসে। তাঁদের মধ্যে ছিলেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমন ঘিসিং, তরুণ নেতা সাগর ধাকাল এবং ধারানের মেয়র হারকা সামপাং।
তবে সুশীলা কারকি রাজি হলেও সরাসরি প্রধানমন্ত্রী হতে পারবেন না। নিয়ম অনুযায়ী তাঁকে প্রথমে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করতে হবে। এরপর প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলের অনুমোদন মিললেই কেবলমাত্র শপথ নিতে পারবেন তিনি। এখন দেখার বিষয়, এই পদক্ষেপে শান্তি ফিরবে কি না বুদ্ধের দেশে—তার উত্তর দেবে ভবিষ্যৎ।



