
বর্তমানে বিনোদন জগতে অ্যানিমেটেড ছবির চাহিদা তুঙ্গে। নতুন ভিজ্যুয়াল অভিজ্ঞতা পেয়ে দর্শকও রীতিমতো উচ্ছ্বসিত। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একের পর এক অ্যানিমেশন ঘরানার ছবি উপহার দিচ্ছেন নির্মাতারা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘মহাবতার নরসিমা’, যা ভারতীয় বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। আর তার ঠিক পরেই দর্শকদের জন্য হাজির হচ্ছে আরেক পৌরাণিক কাহিনীভিত্তিক ছবি—নাগা বংশীর প্রযোজনায় ‘বায়ুপুত্র’, যেখানে কেন্দ্রীয় চরিত্র হনুমান।
চান্ডু মন্ডেটির পরিচালনায় ‘বায়ুপুত্র’ ছবিতে থাকবে আধুনিক প্রযুক্তিনির্ভর থ্রিডি অ্যানিমেশন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক পোস্টার, যেখানে স্পষ্ট ইঙ্গিত মিলছে অ্যানিমেশনের গভীর ব্যবহার নিয়ে। এ প্রসঙ্গে প্রযোজক নাগা বংশী সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন, “ভারতের এ এক অমর কাহিনী যার সাক্ষী থাকবে আরও একবার সারা দুনিয়া ‘বায়ুপুত্র’ ছবির মাধ্যমে।
এভাবে হনুমানকে কেউ কখনও কোনওভাবে জানতে পারেনি। বিগত বেশ অনেক বছর ধরেই আমি এবং আমার পরিচালক এই ছবি নিয়ে বহু পরীক্ষা চালাচ্ছি। এবার এই ছবি নিয়ে আমরা কয়েক পদক্ষেপ এগিয়েছি। এই ছবি নতুন প্রজন্মকে অনেক কিছু শেখাবে। আগামী বছর দশেরার সময় মুক্তি পাবে। তামিল, তেলেগু, মালয়লম ও কন্নড় ভাষায় এই ছবি দেখতে পাবেন দর্শক।”
প্রসঙ্গত, এ বছরের জুলাইয়ে মুক্তি পাওয়া ‘মহাবতার নরসিমা’ এই ধারার ছবিকে নতুন দিশা দিয়েছে। বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ৩০০ কোটি আয় করে এটি ২০২৫ সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ ব্যবসাসফল ছবি হয়ে উঠেছে বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা।



