
পূর্বাভাস অনুযায়ী ধীরে ধীরে বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা পড়ছে, বাতাসে এসেছে শীতের ছোঁয়া। হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টি থেকে এখনও পুরোপুরি রেহাই মিলছে না। সূত্রের খবর, কালীপুজোর আগেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে ছয়টি জেলায়।
কেন এই বৃষ্টি? আবহাওয়া দফতরের ব্যাখ্যা, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ঠান্ডা ও শুকনো হাওয়ার সংস্পর্শে এসে মেঘবৃষ্টির পরিস্থিতি তৈরি করছে। এর ফলে কালীপুজোর আগে বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। যদিও অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, রাজ্যের বাকি অংশে থাকবে মনোরম আবহাওয়া রোদেলা আকাশের সঙ্গে হালকা ঠান্ডার অনুভূতি। তবে জাঁকিয়ে শীত কবে নামবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস।
প্রসঙ্গত, এ বছর টানা নিম্নচাপের কারণে অক্টোবর মাস পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। দুর্গাপুজোর আগের দিনগুলোতেও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল শহর। সেই অভিজ্ঞতা থেকে খানিকটা স্বস্তি মিলেছিল যখন হাওয়া অফিস বর্ষা বিদায়ের কথা জানায়। কিন্তু কালীপুজোর আগেই ফের বৃষ্টির পূর্বাভাসে চিন্তা বাড়ছে বাঙালির উৎসবের আনন্দে।



