রাজ্য

লে থেকে অরুণাচল, দু’চাকায় রেকর্ড গড়লেন বাংলার অভিষেক!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

লে থেকে অরুণাচল, দু’চাকায় রেকর্ড গড়লেন বাংলার অভিষেক! - West Bengal News 24

অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন পূর্ব মেদিনীপুরের তমলুকের যুবক অভিষেক তুঙ্গ। মাত্র কুড়ি দিনে লাদাখের লে থেকে অরুণাচল প্রদেশের কিবিথো পর্যন্ত ৩৬০০ কিলোমিটার সাইকেল চালিয়ে তিনি পা রাখলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দরজায়। এই যাত্রায় তিনি চড়েছেন প্রায় কুড়ি হাজার মিটার উচ্চতায় যা প্রায় ৫৭০০ তলা বিল্ডিংয়ের সমান!

তবে এই যাত্রা ছিল না আরামদায়ক। কোথাও তীব্র ঠান্ডা, কোথাও বা প্রচণ্ড গরম মাইনাস ১০ থেকে ৪২ ডিগ্রির এই তাপমাত্রা পেরিয়েছেন তিনি কেবল দু’চাকার ভরসায়। রাতের পর রাত হোটেলবিহীন রাস্তায় কাটাতে হয়েছে, খাবার বলতে শুকনো কেক, জল খেতে হয়েছে রাস্তার পাশের জলাশয় থেকে। “অধিকাংশ দিন রাতেও সাইকেল চালাতে হয়েছে। চোখ খুলে রাখা যাচ্ছে না, এমন অবস্থায় ধাবায় একটু জিরিয়ে নিয়েছি। তবে দিনে সাড়ে পাঁচ-ছ’ঘণ্টার বেশি বিশ্রাম নেওয়া হয়নি কখনও।” বলছেন অভিষেক।

পুরো পথেই কোনও সহযাত্রী বা সাপোর্ট কার ছিল না। পাথুরে রাস্তায় একাধিকবার সাইকেলের টায়ার ফেটে গিয়েছে, নিজেই মেরামত করে ফের পথে নেমেছেন তিনি। একবার হাসপাতালে ভর্তি হতে হলেও থেমে থাকেননি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কমিটি তাঁর এই যাত্রাপথ ইতিমধ্যেই যাচাই করেছে। নাম ওঠা এখন কেবল সময়ের অপেক্ষা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করা অভিষেক বর্তমানে মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক। দীর্ঘদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল এক অ্যাডভেঞ্চারের যা বাস্তবে রূপ নেয় গত ২৩ সেপ্টেম্বর ভোরে। সেইদিন সকাল ৪টা ২৭ মিনিটে যাত্রা শুরু করে তিনি ফিরে আসেন ১৩ অক্টোবর রাত ৮টা ২৩ মিনিটে।

অভিষেকের কথায়, “সাধারণ এনডুরেন্স স্পোর্টসে যিনি সাইকেল নিয়ে বেরন, তাঁর পাশে একটা সাপোর্টিং কার থাকে। কোনও অসুবিধায় তাঁরা সাহায্য করেন। কিন্তু এই ৩৬০০ কিলোমিটার দুর্গম রাস্তায় আমি সম্পূর্ণ একা ছিলাম।”

কলকাতা বিমানবন্দরে ফিরে এলে ঢাকঢোল বাজিয়ে স্বাগত জানায় তাঁর বন্ধুবান্ধবরা। অভিষেকের বন্ধু বিপ্লব দাস বলেন, “বাংলায় শুধু ক্রিকেট আর ফুটবল নিয়ে উচ্ছ্বাস হয় না। সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড করে বাংলার নাম বিশ্বের কাছে উজ্জ্বল করেছে অভিষেক।”

আরও পড়ুন ::

Back to top button