জাতীয়

‘কুছ খাস হ্যায়’ থেকে ‘অব কি বার মোদি সরকার’ চিরবিদায় সৃজনশীলতার কারিগর পীযূষ পাণ্ডে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Piyush Pandey : ‘কুছ খাস হ্যায়’ থেকে ‘অব কি বার মোদি সরকার’ চিরবিদায় সৃজনশীলতার কারিগর পীযূষ পাণ্ডে - West Bengal News 24

বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষ পাণ্ডে প্রয়াত। বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের বিজ্ঞাপন শিল্পের অন্যতম পথিকৃৎ হিসেবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ক্যাডবেরির ‘কুছ খাস হ্যায়’ থেকে ভোডাফোনের পাগ কুকুরের বিজ্ঞাপন সবই ছিল পীযূষের সৃজনশীল মস্তিষ্কের ফসল। পাশাপাশি, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের বিখ্যাত স্লোগান ‘অব কি বার, মোদি সরকার’ও তাঁরই সৃষ্টি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জয়পুরে জন্ম পীযূষ পাণ্ডের। তিনি ছিলেন সুপরিচিত গায়িকা ইলা অরুণের ভাই। ১৯৮২ সালে বিজ্ঞাপন জগতে আত্মপ্রকাশ করেন। ক্রিকেট, টি টেস্টিং সহ নানা বিষয়ে আগ্রহ থাকলেও বিজ্ঞাপনই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। ক্যাডবেরির ‘কুছ খাস হ্যায়’, ‘এশিয়ান পেন্টস’-এর ‘হর খুশি মে রং লায়ে’, ‘ফেভিকল’-এর একাধিক জনপ্রিয় বিজ্ঞাপন এবং ভোডাফোনের (তখনকার হাচ) ‘পাগ’ সিরিজ সবই তাঁকে এনে দিয়েছিল কিংবদন্তির মর্যাদা। দূরদর্শনের দেশাত্মবোধক সংগীত ‘মিলে সুর মেরা তুমহারা’-তেও ব্যবহৃত হয়েছিল তাঁর কণ্ঠ।

বিজ্ঞাপন সংস্থা ওগিলভিতে দীর্ঘ কর্মজীবনে পীযূষ দায়িত্ব পালন করেছেন চিফ ক্রিয়েটিভ অফিসার ওয়ার্ল্ডওয়াইড (২০১৯) এবং এক্সিকিউটিভ চেয়্যারম্যান ইন্ডিয়া হিসেবে। ২০১৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় এবং ২০২৪ সালে পান এলআইএ লেজেন্ড অ্যাওয়ার্ড।

২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারে ব্যবহৃত স্লোগান ‘অব কি বার, মোদি সরকার’ তাঁরই মেধার প্রতিফলন, যা ‘ব্র্যান্ড মোদি’-কে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা নেয়। এদিন এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “পীযূষ পাণ্ডে ছিলেন তাঁর সৃজনশীলতার জন্য প্রশংসিত। বিজ্ঞাপনের জগতে তিনি এক অসামান্য অবদান রেখেছেন। বছরের পর বছর ধরে আমাদের মধ্যে যে যোগাযোগ ছিল সেটা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ওঁর মৃত্যুতে আমি শোকাহত। ওঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য