আন্তর্জাতিক

ভারতের পর এবার আফগানিস্তানের জলযুদ্ধ, পাকিস্তানকে বিপাকে ফেলতে নদীতে বাঁধ তৈরি করবে তালিবান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারতের পর এবার আফগানিস্তানের জলযুদ্ধ, পাকিস্তানকে বিপাকে ফেলতে নদীতে বাঁধ তৈরি করবে তালিবান - West Bengal News 24

ভারতের পর এবার আফগানিস্তানও পাকিস্তানের বিরুদ্ধে জলনীতি কঠোর করার পথে হাঁটছে। তালিবান প্রশাসন ঘোষণা করেছে, খুব শীঘ্রই তারা কুনার নদীর উপর একটি বড় বাঁধ নির্মাণ করবে। এর ফলে আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবাহিত সেই নদীর জলের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর যেমন ইসলামাবাদ অস্বস্তিতে পড়েছিল, এবার আফগানিস্তানের এই পদক্ষেপে সেই অস্বস্তি আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

আফগান জল ও শক্তি মন্ত্রক জানিয়েছে, দেশের সুপ্রিম লিডার আখুনজাদা নির্দেশ দিয়েছেন কুনার নদীর উপর দ্রুত বাঁধ নির্মাণের কাজ শুরু করতে। স্থানীয় সংস্থার সঙ্গে চুক্তি করার প্রক্রিয়াও দ্রুত শুরু করতে বলা হয়েছে। আফগান তথ্য প্রতিমন্ত্রী মুহাজির ফারাহি এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর প্রকাশ করেছেন।

অন্যদিকে, লন্ডন-ভিত্তিক সাংবাদিক সামি ইউসুফজাই জানিয়েছেন, ভারতের পর এবার আফগানিস্তানও পাকিস্তানের জল সরবরাহ বন্ধের পথে হাঁটছে। তাঁর দাবি, আখুনজাদা মন্ত্রককে সেই নির্দেশ দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, কাবুলে সাম্প্রতিক এয়ার স্ট্রাইকের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সীমান্তে সংঘর্ষে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা পরে দোহা আলোচনার সময়সীমা পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তান ফের আফগান ভূখণ্ডে হামলা চালায়, এমন পরিস্থিতিতেই আফগানিস্তানের এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো।

এদিকে, পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়। এরপর থেকেই ইসলামাবাদ নানা অভিযোগে দিল্লির বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। পাকিস্তান দাবি করেছে, ভারত নাকি চুক্তি লঙ্ঘন করেছে। তবে ভারত রাষ্ট্রসংঘে স্পষ্ট জানায়, ৬৫ বছর আগে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে এই চুক্তি করা হয়েছিল, কিন্তু পাকিস্তান সেই বিশ্বাস ভঙ্গ করেছে তিনটি যুদ্ধ ও অসংখ্য জঙ্গি হামলার মাধ্যমে। প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এমনকি সিন্ধু চুক্তি নিয়ে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন, যদিও তাতে বিচলিত হয়নি নয়াদিল্লি।

আরও পড়ুন ::

Back to top button