খুব শীঘ্রই চালু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো, পরিবর্তনের ছোঁয়া আসছে ব্লু লাইনেও
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে বলে জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র। বর্তমানে ওই রুটে দ্রুতগতিতে কাজ এগোচ্ছে। শুক্রবার কলকাতা মেট্রোর ৪১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি জানান, ২০২৯ সালের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে রেল কর্তৃপক্ষ।
পাশাপাশি পুরনো ব্লু লাইনের দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানেও নেওয়া হচ্ছে উদ্যোগ। শুভ্রাংশু মিশ্র বলেন, “ব্লু লাইনে নিয়মিত যে সমস্যা রয়েছে সেটা নিয়ে রাইটস কাজ করছে। সিবিটিসি (কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল)-র কাজ শুরু করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। তিন থেকে চার বছরের মধ্যে সমস্যার সমাধান করা হবে।” অর্থাৎ ব্লু লাইনে নতুন সিগন্যালিং সিস্টেম চালু হলে আরও কম সময়ের ব্যবধানে মেট্রো ট্রেন চলতে পারবে।
১৯৮৪ সালে এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (নেতাজি ভবন) পর্যন্ত ভারতের প্রথম মেট্রো পরিষেবা চালুর দিনটিকে স্মরণ করে ২৪ অক্টোবর কলকাতা মেট্রো তার ৪১তম জন্মদিন পালন করে। নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে শুভ্রাংশু মিশ্র মেট্রো রেলের অগ্রগতি ও সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন বলেন, “মেট্রো কলকাতার সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এবং দেশের অন্যান্য অংশে মেট্রো সংযোগের পথপ্রদর্শক হয়েছে।” যাত্রীদের মেট্রো প্রাঙ্গণ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করতে ও স্মার্ট কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এক জাদু প্রদর্শনীরও আয়োজন করা হয়।
জেনারেল ম্যানেজার আরও জানান, “চিংড়িঘাটার মেট্রোর সম্প্রসারণের কাজ যেটা আটকে ছিল সেটি নভেম্বর মাস থেকে শুরু হবে। নভেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।” একইসঙ্গে তিনি বলেন, “মেট্রোরেল আরও সম্প্রসারণ করা হচ্ছে। মোট ৫৭ কিলোমিটার যাত্রাপথে ইতিমধ্যেই অনুমতি পাওয়া গেছে।
২০২৬-এর মধ্যে ২৯ কিলোমিটার কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে ১৯ কিলোমিটার যাত্রী পরিষেবার জন্য চালু করে দেওয়া সম্ভব হবে। ২০২৯-এর মধ্যে পার্পল লাইন, যেটি জোকা থেকে ধর্মতলা পর্যন্ত চলবে সেই কাজ শেষ করা হবে বলেই মনে করা হচ্ছে। মাইকেল নগর ২০২৯-এর মধ্যে অরেঞ্জ লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এয়ারপোর্টে।”



