জাতীয়

ছত্তীসগড়ে প্যাসেঞ্জার–মালগাড়ির ধাক্কা! ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ১০

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ছত্তীসগড়ে প্যাসেঞ্জার–মালগাড়ির ধাক্কা! ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ১০ - West Bengal News 24

ছত্তীসগড়ে ফের ভয়ংকর রেল দুর্ঘটনা। বিলাসপুরের জয়রামনগর স্টেশনের কাছে মঙ্গলবার একটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি ধাক্কা খায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহতের সংখ্যাও কম নয়। উদ্ধারকাজ জরুরিভাবে চলছে এবং আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে। খবর ছড়াতেই রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে যায়। ঠিক কী কারণে এই সংঘর্ষ তা এখনও তদন্তাধীন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং রেলের শীর্ষ আধিকারিকরাও পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
গত কয়েক বছরে রেল দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত বছর অক্টোবর মাসে ‘মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেস’-এর সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। একই লাইনে দু’টি ট্রেন চলে আসায় দুর্ঘটনার অভিঘাতে ৫টি কোচ লাইনচ্যুত হয় এবং দু’টি কামরায় আগুন ধরে যায়। গুরুতর আহতের সংখ্যা ছিল বেশ কয়েকজন, যদিও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এছাড়াও গত বছরের জুনে ঘটেছিল উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা। জানা যায় নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরপরই এই ট্রেনের পিছনে এসে ধাক্কা দেয় একটি মালগাড়ি। ধাক্কার জোরে কয়েকটি কামরা উঠে যায় মালগাড়ির ইঞ্জিনের উপরেই। বহু যাত্রীর মৃত্যু হয় সেখানে।

আর তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালের ২ জুন বালেশ্বরে হয়েছিল আরও এক ভয়াবহ সংঘর্ষ। করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি তিনটি ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত হয় একাধিক বগি। সেই ঘটনায় কার্যত মৃত্যুমিছিল দেখেছিল ভারত।

আরও পড়ুন ::

Back to top button