ক্রিকেট

দর্শকসারিতেই মিশে থাকবে পুলিশ, ইডেনে টেস্টকে ঘিরে বিশেষ রণসজ্জা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দর্শকসারিতেই মিশে থাকবে পুলিশ, ইডেনে টেস্টকে ঘিরে বিশেষ রণসজ্জা - West Bengal News 24

দিল্লি বিস্ফোরণের পর দেশে জারি হয়েছে উচ্চ সতর্কতা, আর সেই আবহেই ইডেনে শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট। তাই নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চায় না কলকাতা পুলিশ। গোটা ইডেনকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে; বলা যায়, ক্রিকেট স্টেডিয়ামকে দুর্গে পরিণত করার প্রস্তুতি চলছে। খেলা চলাকালীন দর্শকদের ভিড়ের মধ্যেই থাকবে সাদা পোশাকের পুলিশ, আর বাইরে–ভিতরে ফেন্সিং জুড়ে মোতায়েন থাকবে বিশাল বাহিনী।

ক্রিকেটার এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকদিন আগে ইডেনে পরিদর্শনে যান পুলিশ কমিশনার মনোজ বর্মা। মাঠের প্রতিটি জায়গার নিরাপত্তা ব্যবস্থাই খতিয়ে দেখা হয়। জানা গেছে, নিরাপত্তা আরও জোরদার করতে ইডেনকে বিভিন্ন সেক্টরে ভাগ করেছে লালবাজার। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন এক ডেপুটি পুলিশ কমিশনার এবং তাঁর সঙ্গে ৯ জন এসি। দর্শক আসনেও একইভাবে থাকবেন একজন ডেপুটি পুলিশ কমিশনার ও একাধিক আধিকারিক। পাশাপাশি বড় একটি পুলিশ দল সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। ক্লাবহাউস ও ভিভিআইপি জোনেও থাকবেন সিনিয়র অফিসাররা।

এছাড়াও স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সশস্ত্র বাহিনীর সদস্য, কুইক রেসপন্স টিম (QRT) সহ একাধিক বিশেষ ইউনিট মোতায়েন থাকবে। শুধু ভিতরে নয়, ইডেনের চারপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে বাঙ্কার, যেখানে থাকবেন কমব্যাট ফোর্সের সদস্যরা। স্টেডিয়াম ঘিরে বেশ কয়েকটি রাস্তায় শুক্রবার থেকে যান চলাচলেও নিয়ন্ত্রণ আনা হবে।

দিল্লি বিস্ফোরণের পরই ইডেনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এবং ক্রিকেটারদের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে লালবাজার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন ::

Back to top button