জাতীয়

দিল্লির বিস্ফোরণকে জঙ্গি হানার স্বীকৃতি কেন্দ্রের, অপারেশন সিঁদুর ফের শুরু হওয়ার জল্পনা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Delhi Blast : দিল্লির বিস্ফোরণকে জঙ্গি হানার স্বীকৃতি কেন্দ্রের, অপারেশন সিঁদুর ফের শুরু হওয়ার জল্পনা - West Bengal News 24

ঘটনার দু’দিন পর দিল্লির বিস্ফোরণকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি হামলা বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার ভুটান সফর শেষে দিল্লিতে ফিরে কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই বিস্ফোরণকে জঙ্গি হানার তকমা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠক শেষে প্রকাশিত ক্যাবিনেট বিবৃতিতে জানানো হয়েছে, লালকেল্লার সামনে একটি গাড়িতে যে বিস্ফোরণ ঘটেছে, তা দেশের বিরুদ্ধে শত্রু শক্তির ঘৃণ্য জঙ্গি হামলা। এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে কেন্দ্র স্পষ্ট করেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতি আগের মতোই জারি থাকবে।

বুধবারের বৈঠক শুরুর আগে নিহতদের স্মরণে দু’মিনিট নীরবতা পালন করা হয়। ক্যাবিনেটের বিবৃতিতে আরও বলা হয়েছে, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করা হয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করেছিলেন, দেশের মাটিতে যে কোনও জঙ্গি হানাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচনা করা হবে। দিল্লির বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর তাকে জঙ্গি হামলা হিসেবে ঘোষণা করার মাধ্যমে সেই অবস্থানকেই পুনরায় জোরালো করল কেন্দ্র।

এখন প্রশ্ন উঠছে তবে কি আবারও ‘অপারেশন সিঁদুর’ শুরু হতে চলেছে? পহেলগাঁও হামলার পর যে অভিযান শুরু হয়েছিল, তাকে এখনও সরকারিভাবে শেষ ঘোষণা করা হয়নি; শুধু সাময়িক বিরতি রয়েছে। বুধবারের সিদ্ধান্তের পর সেই বিরতি কি শেষ হতে চলেছে? ভারতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।

আরও পড়ুন ::

Back to top button