কেবিসি মঞ্চে বিশ্বজয়ের উল্লাস! হরমনদের সঙ্গে নাচে মাতলেন অমিতাভ, ভাইরাল মুহূর্ত
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘কেবিসি’র স্টুডিও এবার পরিণত হয়েছে এক বিশেষ উৎসবের আসরে। বছরের পর বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় শো হিসেবে দর্শকদের মন জয় করে আসছে। সাধারণ দর্শক থেকে তারকা অসংখ্য মানুষ এই শোয়ের আসনে বসেছেন। তবে এই সপ্তাহে মঞ্চে দেখা মিলল এমন একদল অতিথির, যারা ক্রিকেটের বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করে ইতিহাস গড়েছেন। তাঁদের সাফল্যকে সম্মান জানাতেই সাজানো হয়েছে শোয়ের একটি বিশেষ পর্ব, যা প্রচারিত হবে এই শুক্রবার।
এই বিশেষ এপিসোডের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রচারমূলক ভিডিও সামনে আসার পরই দর্শকদের উত্তেজনা আরও চাঙা হয়েছে। পর্বটিতে উপস্থিত থাকবেন দলের কোচ অমল মজুমদার, এবং ক্রিকেটার দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শেফালী বর্মা-সহ একাধিক সদস্য। প্রশ্নোত্তরের মাঝেই অমিতাভ বচ্চন তাঁদের সঙ্গে মাঠের বাইরে অজানা নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনায় মেতে ওঠেন, যা দর্শকদের জন্য বড় আকর্ষণ হতে চলেছে।
এদিন অমিতাভ বচ্চন হরমনপ্রীতকে জিজ্ঞেস করেন, “তোমরা যখন ম্যাচ জিতলে তখন তোমরা কীভাবে তা উদযাপন করলে?” উত্তরে হরমন জানান, “আমরা সবাই জিতের পর নেচেছিলাম।” এর পরেই ঘটল শোয়ের সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত—মঞ্চেই হরমনের সঙ্গে নাচে অংশ নেন অমিতাভ। শুধু তাই নয়, ২০১৬ সালের ‘কাপুর অ্যান্দ সন্স’ ছবির একটি গানে বিগ বি-কে নাচতে দেখা যায়। হরমন নিজেই তাঁকে শিখিয়ে দেন সেই হুকস্টেপ।
যদিও এই বিশেষ অনুষ্ঠানে দলের অধিকাংশ সদস্য হাজির থাকলেও অনুপস্থিত ছিলেন স্মৃতি মন্দানা। ব্যক্তিগত একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার কারণে তিনি আপাতত প্রচারের আলো থেকে দূরে রয়েছেন বলে জানা গেছে।



