বারবার মুলতুবি অধিবেশন, শেষমেশ পথ ছাড়ল কেন্দ্র! এসআইআর নিয়ে সংসদে মুখোমুখি শাসক-বিরোধী শিবির
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিরোধীদের লাগাতার চাপের মুখে শেষ পর্যন্ত এসআইআর ইস্যুতে সংসদে আলোচনা আয়োজনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সূত্রের দাবি, আগামী সপ্তাহেই এই বিতর্কিত বিষয়টি নিয়ে সংসদে মুখোমুখি হবে শাসক-বিরোধী শিবির। নির্ধারিত সূচি অনুযায়ী ৯ ও ১০ ডিসেম্বর এসআইআর নিয়ে আলোচনা চলবে, যার জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১০ ঘণ্টা। উল্লেখ্য, শীতকালীন অধিবেশনের শুরু থেকেই বিরোধী দলগুলি এসআইআর প্রসঙ্গে বিস্তারিত আলোচনা দাবি করে আসছিল।
সূত্র অনুযায়ী, এই অধিবেশনে দু’টি গুরুত্বপূর্ণ ইস্যুর উপর বিশেষ সময় বরাদ্দ করেছে বিজনেস অ্যাডভাইসরি কাউন্সিল। জানা যাচ্ছে, ৮ ডিসেম্বর সংসদে প্রথমে বন্দে মাতরম সংক্রান্ত আলোচনার সূচনা হবে। এর ঠিক পরের দুই দিন ধরে এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা চলবে। আলোচনার জন্য মোট ১০ ঘণ্টা সময় রাখা হয়েছে—উভয় ইস্যু মিলিয়ে।
আগামী সোমবার বন্দে মাতরম আলোচনার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেন, “বিএসির বৈঠকে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বন্দে মাতরম এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হবে। সোমবার প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন সংসদে। তিনিই বন্দে মাতরম নিয়ে আলোচনার সূচনা করবেন।” পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও জানান, ৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে সংসদে এসআইআর নিয়ে বিতর্ক শুরু হবে। তবে প্রধানমন্ত্রী সেই আলোচনায় থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
অধিবেশনের প্রথম দিন থেকেই এসআইআরকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা চরমে পৌঁছায়। বারবার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন লোকসভা স্পিকার। মঙ্গলবারও একই ঘটনা ঘটে বিরোধীদের লাগাতার শোরগোল ও বিক্ষোভে সংস্থার কাজকর্ম ব্যাহত হয়। সরকার তাদের দাবি মানতে অস্বীকার করায় সংসদ ভবনের বাইরে থেকেও তীব্র প্রতিবাদ দেখায় বিরোধী শিবির। শেষমেশ সেই চাপেই কেন্দ্রকে নরম সুরে আলোচনায় রাজি হতে হল।



