ক্রিকেটেও দূষণের প্রভাব, দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ছিটকে গেলেন শুভমান, পিছোল টস
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দূষণের তীব্রতায় কার্যত নাজেহাল উত্তর ভারত। ঘন ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে, বাড়ছে প্রাণহানিও। সেই প্রভাব এবার পড়ল ক্রিকেটের ময়দানেও। লখনউয়ের একানা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হল না ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) অধিনায়কদের। তার আগেই ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমান গিল।
শীতের কুয়াশা ও দূষণের জোড়া সমস্যায় বিপর্যস্ত দিল্লি ও আশপাশের এলাকা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টায় দিল্লির বাতাসের গুণমান সূচক (AQI) ছিল ৩৭৭, যা আগের দিন ছিল ৪৯৮। যদিও সংখ্যাটা কিছুটা কমেছে, তবু দূষণের মাত্রা এখনও অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতির জেরে বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে অন্তত ১০টি বিমান বাতিল করতে হয়েছে।
দিল্লির মতোই ভয়াবহ অবস্থা লখনউতেও। বুধবার টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার। একানা স্টেডিয়ামে জিতলেই সিরিজ নিশ্চিত হওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু সন্ধে সাড়ে ৬টায় নির্ধারিত সময়েও টস করা যায়নি। মাঠে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। তবে ধোঁয়াশার কারণে মাঠে দৃশ্যমানতা কম থাকায় টস এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।
এর মধ্যেই ভারতীয় শিবিরে ধাক্কা। ম্যাচের আগেই শুভমান গিল ছিটকে গিয়েছেন। জানা গিয়েছে, অনুশীলনের সময় তাঁর গোড়ালিতে চোট লাগে। স্ক্যানের পরেই আঘাতের মাত্রা স্পষ্ট হবে। লখনউয়ের পর আহমেদাবাদে গিল খেলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীতের মরশুমে এই ধরনের চোট সারতে সময় লাগতে পারে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এর আগেও ঘাড়ের চোটের কারণে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শুভমান।



