
বুথ লেভেলে দলের ভিত কতটা মজবুত, সংগঠনের শক্তি ও দুর্বলতা কোথায় এই সব খতিয়ে দেখতে দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনের আগে দলের রণকৌশল চূড়ান্ত করতেই বছরের শেষদিকে বাংলায় পা রাখছেন বিজেপির এই শীর্ষ নেতা। সূত্রের খবর, রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন দলের ‘চাণক্য’।
আর এক বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এসআইআর ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত বাংলার রাজনীতি। জনসংযোগ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে কোন কোন ইস্যুকে সামনে রেখে দল লড়াইয়ে নামবে, বুথ স্তরে সংগঠন কতটা সক্রিয়, সেই সব বিষয়েই মূলত আলোচনা করবেন অমিত শাহ। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে, ২৯ ও ৩০ তারিখে বাংলায় আসার কথা তাঁর।
অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য বিজেপির নেতারা ইতিমধ্যেই সরব। এসআইআরে প্রায় এক কোটি নাম বাদ যেতে পারে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী-সহ একাধিক নেতা। পাশাপাশি, এই প্রক্রিয়ায় বহু মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কাও করছেন তাঁরা। ফলে এসআইআর প্রসঙ্গ শাহের বৈঠকে গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সংগঠনের বর্তমান অবস্থা, বুথ লেভেলে শক্তি কতটা বেড়েছে এবং নির্বাচনী কৌশল এই সব বিষয়েই বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা।
উল্লেখ্য, আগামীকাল শনিবার রানাঘাট মহকুমার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক জনসভাও রয়েছে তাঁর। রানাঘাট এলাকায় মতুয়া ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য। এসআইআর আবহে তাঁদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ফলে সভা থেকে প্রধানমন্ত্রী এই বিষয়ে কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পরিকল্পনা অনুযায়ী সব ঠিক থাকলে, প্রধানমন্ত্রীর সফরের পরেই দু’দিনের জন্য বাংলায় আসবেন অমিত শাহ।



