ক্রিকেটবলিউড

আইপিএলের আগেই কেকেআরের মালিকানায় বদলের ইঙ্গিত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আইপিএলের আগেই কেকেআরের মালিকানায় বদলের ইঙ্গিত - West Bengal News 24

আইপিএলের নতুন মরশুম শুরুর আগেই বড় বদলের ইঙ্গিত কলকাতা নাইট রাইডার্সে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা কাঠামোয় পরিবর্তনের পথে কেকেআর। সূত্রের খবর, দলের সহ-মালিক মেহেতা গ্রুপ নিজেদের শেয়ারের একটি অংশ বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে নাইটদের মালিকানায় আংশিক হাতবদল হতে পারে বলেই জল্পনা।

বর্তমানে কেকেআরের মালিকানা রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপের হাতে। রেড চিলিজের হাতে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার, যা দলের মূল মালিকানা নিশ্চিত করে। বাকি অংশ মেহেতা গ্রুপের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মেহেতা গ্রুপ তাদের শেয়ারের কিছু অংশ বিক্রি করে মূলধন বাড়াতে চাইছে।

নাইটদের বাজারমূল্য প্রথম মালিকানা পাওয়ার সময়ের তুলনায় এখন অনেকটাই বেড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিতে পারে মেহেতা গ্রুপ। সূত্র বলছে, এই অর্থ আবার নাইট রাইডার্স গোষ্ঠীর আন্তর্জাতিক লিগে নতুন দল কেনার কাজে বিনিয়োগ করা হবে। সেই উদ্দেশ্যে মধ্যস্থতাকারী হিসেবে নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

তবে মেহেতা গ্রুপ সম্পূর্ণ মালিকানা ছাড়ছে, নাকি আংশিক শেয়ার বিক্রি করবে— তা এখনও স্পষ্ট নয়। আংশিক শেয়ার বিক্রির ক্ষেত্রে জুহি চাওলা ও জয় মেহেতা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকবেন বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, শাহরুখ খান নিজের শেয়ার বিক্রি করছেন না, ফলে দলের মূল মালিকানা রেড চিলিজের হাতেই থাকবে।

তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন ও চারবারের ফাইনালিস্ট কেকেআর। শাহরুখ খানের নাম এবং কলকাতার ব্র্যান্ড ভ্যালু মিলিয়ে নাইট রাইডার্স আইপিএলের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি। সেই ব্র্যান্ড শক্তিকেই এবার আর্থিক সম্প্রসারণের পথে কাজে লাগাতে চাইছে মেহেতা গ্রুপ এমনটাই ইঙ্গিত মিলছে সূত্র মারফত।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য