ওপার বাংলা

বাংলাদেশে ফের সংখ্যালঘুদের উপর হামলা, পিরোজপুরে জ্বালিয়ে দেওয়া হল হিন্দুদের বাড়ি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলাদেশে ফের সংখ্যালঘুদের উপর হামলা, পিরোজপুরে জ্বালিয়ে দেওয়া হল হিন্দুদের বাড়ি - West Bengal News 24

বাংলাদেশে ফের চরম অশান্তির আবহ। ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই দেশজুড়ে উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়েছে। একের পর এক ঘটনায় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠছে। সেই ধারাবাহিকতাতেই এবার পিরোজপুর জেলায় দুষ্কৃতীদের অগ্নিসংযোগে পরপর অন্তত পাঁচটি হিন্দু বাড়ি ভস্মীভূত হয়ে গেল। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঢাকা থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে পিরোজপুর জেলার ডুমরিতলা গ্রামে সোমবার ভোররাতে এই ভয়াবহ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, ঘরের ভিতরে পরিবার-পরিজন নিয়ে ঘুমিয়ে থাকার সময় আচমকাই একদল দুষ্কৃতী পরপর কয়েকটি হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের আঁচ টের পেয়ে আতঙ্কে ছুটে বেরোতে গিয়ে বাসিন্দারা বুঝতে পারেন, দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনওক্রমে বাঁশের দেওয়াল ভেঙে প্রাণ বাঁচিয়ে বেরোতে সক্ষম হন তাঁরা। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আগুনে পাঁচটি বাড়িই সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। তবে পিরোজপুরের পুলিশ সুপার মহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ঘটনার বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সহিংসতার ঘটনা সামনে আসতে শুরু করে। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস দায়িত্ব নিলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলেই অভিযোগ। বরং কট্টরপন্থী গোষ্ঠীগুলির তৎপরতা বেড়েছে বলে দাবি উঠছে। সম্প্রতি ছাত্রনেতা হাদি খুনের ঘটনার পর দেশজুড়ে সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বাদ যায়নি বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটও সেখানেও চালানো হয় ব্যাপক তাণ্ডব।

এরই মধ্যে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনি দিয়ে খুনের পর তাঁর দেহ পুড়িয়ে গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনাও সামনে আসে, যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারপর থেকে দেশের নানা জায়গা থেকেই সংখ্যালঘুদের উপর হামলার খবর মিলছে। পিরোজপুরের সাম্প্রতিক এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য