জাতীয়

পাক-চিন মোকাবিলায় তিন বাহিনীর জন্য ৭৯ হাজার কোটির সমরাস্ত্র, অনুমোদন দিল কেন্দ্র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পাক-চিন মোকাবিলায় তিন বাহিনীর জন্য ৭৯ হাজার কোটির সমরাস্ত্র, অনুমোদন দিল কেন্দ্র - West Bengal News 24

চিন ও পাকিস্তানের মতো প্রতিপক্ষের মোকাবিলায় সামরিক শক্তি আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে সামনে রেখে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার জন্য ৭৯ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি (ডিএসি) এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। এর ফলে স্থল, নৌ ও বায়ুসেনা তিন বাহিনীরই সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সোমবার ২৯ ডিসেম্বর ডিএসি-র বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। গোলোন্দাজ বাহিনীর জন্য লয়েটার যুদ্ধাস্ত্র ব্যবস্থা (Loiter Munition System), হালকা ওজনের রাডার, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের (MRLS) জন্য দূরপাল্লার রকেটে ব্যবহারযোগ্য গোলাবারুদ এবং ড্রোন মোকাবিলায় ইন্ডিগ্রেটেড ড্রোন ডিটেকশন সিস্টেম কেনার অনুমোদন মিলেছে। এই সব অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে মোট খরচ ধরা হয়েছে ৭৯ হাজার কোটি টাকা।

এছাড়াও আগামী কয়েক বছরে ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর শক্তি বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই প্রতিরক্ষা মন্ত্রক ‘ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক’ (এলপিডি), ৩০ এমএম নেভাল সারফেস গান (স্বয়ংক্রিয় ছোট কামান), উন্নত হালকা টর্পেডো, ‘ইলেক্ট্রো-অপটিক্যাল ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম’ এবং ৭৬ এমএম ‘সুপার র‍্যাপিড গান’-এর জন্য উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন ‘স্মার্ট গোলা’ কেনার পরিকল্পনাও অনুমোদন করেছে।

প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই সিদ্ধান্তগুলির মূল লক্ষ্য হল সব ধরনের পরিস্থিতির জন্য তিন বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখা এবং দেশের সামগ্রিক প্রতিরক্ষা পরিকাঠামোকে আরও শক্তিশালী করা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য