বিশ্বকাপ খেলতে কি ভারতে আসবেন মুস্তাফিজুররা? দু’দিনের মধ্যেই সিদ্ধান্তের পথে আইসিসি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলাদেশ ইস্যুতে আইসিসির সঙ্গে ফের মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগেও একবার নিয়ামক সংস্থার কাছ থেকে ধাক্কা খেয়েছে বিসিবি। এবারও কি তাদের আবেদন গ্রহণ করা হবে না? সূত্রের খবর, আগামী শনিবারের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। ফলে আবারও প্রশ্ন উঠছে সব বিরোধিতা সরিয়ে রেখে কি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে নামতে হবে লিটন দাসদের?
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ‘নিষিদ্ধ’ করার সিদ্ধান্তের পর থেকেই ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক তলানিতে ঠেকে। সেই ঘটনার জেরে বিসিবি জানিয়ে দেয়, তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। বোর্ডের তরফে স্পষ্ট করে বলা হয়, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেলেও ভারতীয় মাটিতে বিশ্বকাপ খেলবেন না তাঁদের ক্রিকেটাররা। যদিও আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে, তবে ভারত থেকে ম্যাচ সরানো সম্ভব নয়।
আইসিসির সেই চিঠির পর কিছুটা নরম হয়েছিল বিসিবির অবস্থান। কিন্তু এরপরই পরিস্থিতি আবার ঘোরালো হয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-সহ বোর্ডের শীর্ষ কর্তাদের তলব করেন বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের পর তিনি স্পষ্ট করে দেন, কোনও অবস্থাতেই বাংলাদেশ দল ভারতে এসে বিশ্বকাপ খেলবে না। তাঁর মতে, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদা এই তিনটির সঙ্গে আপস করে ভারতে খেলা সম্ভব নয়।
এমন কঠোর অবস্থানের মুখে এবার আইসিসি কোন পথে হাঁটবে, সেটাই এখন বড় প্রশ্ন। লিটনদের কি বাধ্যতামূলকভাবে ভারতে খেলতে বলা হবে, নাকি বাংলাদেশের ম্যাচ অন্য কোনও দেশে, যেমন শ্রীলঙ্কায়, সরিয়ে নেওয়ার কথা ভাবা হবে? বিশ্বকাপ ইস্যুতে এখনও পর্যন্ত আইসিসির তরফে বিসিবির সঙ্গে আলোচনার ভাষাই প্রাধান্য পেয়েছে। কঠোর কোনও অবস্থান প্রকাশ্যে আসেনি। তবে এই নরম মনোভাব থেকে কি এবার সরে আসবে নিয়ামক সংস্থা? সূত্রের দাবি, আগামী ১০ নভেম্বরের মধ্যেই এই সব জল্পনার অবসান ঘটতে চলেছে।



