ঝাড়গ্রাম

রং-রেখায় পটের কথা: ঝাড়গ্রামে সাত দিনের পটচিত্র উৎসব

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রং-রেখায় পটের কথা: ঝাড়গ্রামে সাত দিনের পটচিত্র উৎসব - West Bengal News 24

পটচিত্রের ঐতিহ্য ও শিল্পরীতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ঝাড়গ্রামে আয়োজন করা হয়েছিল সাত দিনের পটচিত্র কর্মশালা। ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় বার্ষিক উৎসব ‘রং–মাটি–মানুষ’। এ বছরের উৎসবের থিম ছিল – ‘পটে আঁকা রং-রেখা’।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পটচিত্র কী ভাবে আঁকা হয়, তা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো। পাশাপাশি অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের বার্ষিক চিত্র ও কারুকলা প্রদর্শনী। উৎসবের প্রথম দিন, ১ জানুয়ারি সকালে আর্ট অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মনোজ সরকার। উপস্থিত ছিলেন ভাস্কর বিমল কুণ্ডু, চিত্রশিল্পী ভোলানাথ রুদ্র, প্রদীপ মৈত্র-সহ একাধিক শিল্পী।

রং-রেখায় পটের কথা: ঝাড়গ্রামে সাত দিনের পটচিত্র উৎসব - West Bengal News 24

এই দিনই চিত্রশিল্পী মনোজ সরকারের হাতে রামকিঙ্কর বেজ স্মৃতি সম্মাননা ‘কলের বাঁশি’ তুলে দেওয়া হয়। শহরের ঘোড়াধরায় অবস্থিত আর্ট অ্যাকাডেমির রামকিঙ্কর বেজ গ্যালারি সাজানো হয় শিক্ষার্থীদের আঁকা ছবি ও পাথরে তৈরি নানা শিল্পকর্মে।

সাত দিনে সাতটি ভিন্ন থিমে অনুষ্ঠিত হয় কর্মশালা— ১ জানুয়ারি ‘পটের গানে পিংলা’, ২ জানুয়ারি ‘রূপ ও রঙে কালীঘাট’, ৩ জানুয়ারি ‘রঘুরাজপুরের রূপকথা’, ৪ জানুয়ারি ‘পটে আঁকা চেরিয়াল’, ৫ জানুয়ারি ‘নখোদারার চিত্রকথা’, ৬ জানুয়ারি ‘পটচিত্রে ঝাড়খণ্ড’ এবং ৭ জানুয়ারি ‘তুলির টানে বৌদ্ধিস্ট থাঙ্কা’।

ফলে দেশের বিভিন্ন প্রান্তের পটচিত্রের ধারা ও বৈচিত্র্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান শিক্ষার্থী ও দর্শকরা। ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র জানান, পটশিল্পের দীর্ঘ ইতিহাস বাংলা ও দেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এবছরের এই ভাবনা।

আরও পড়ুন ::

Back to top button