রাজ্য

রাজ্যে নিপা আতঙ্ক বাড়ল, আরও দুই স্বাস্থ্যকর্মীর শরীরে উপসর্গ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nipah Virus : রাজ্যে নিপা আতঙ্ক বাড়ল, আরও দুই স্বাস্থ্যকর্মীর শরীরে উপসর্গ - West Bengal News 24

রাজ্যে নিপা ভাইরাসের (Nipah Virus) আতঙ্ক আরও বাড়ল। এবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপার উপসর্গ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে একজন নার্স ও অন্যজন হাউস স্টাফ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং দু’জনেই বর্তমানে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই দুই স্বাস্থ্যকর্মী বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক নার্সের চিকিৎসার দায়িত্বে ছিলেন। সেই সময়েই তাঁদের শরীরে উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনা করে দ্রুত তাঁদের কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত বারাসতের দুই নার্স এখনও কোমায় রয়েছেন। চিকিৎসকদের মতে, দু’জনেরই গ্লাসগো কোমা স্কেলের চোখ খোলা, মৌখিক প্রতিক্রিয়া ও মোটর রেসপন্স এই তিনটি সূচকই ৫-এর নিচে রয়েছে। তাঁদের মধ্যে একজন সিস্টার নার্সের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি) থেকে পাওয়া রিপোর্টেও তাঁর নিপা পজিটিভ থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।

জানা গিয়েছে, নিপায় আক্রান্ত ওই দুই স্বাস্থ্যকর্মী যশোর রোডের বারাসত রথতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে আক্রান্ত সিস্টার নার্স বাড়িতে যান এবং গত ৩১ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেই সময় একজন হাউস স্টাফ ও এক নার্স তাঁর সংস্পর্শে আসেন। পরবর্তীতে তাঁদের শরীরেও উপসর্গ দেখা দেওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button