এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালো আইনি লড়াই বাংলার মুখ্যমন্ত্রীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দেশের সর্বোচ্চ আদালতে এক ব্যতিক্রমী ভূমিকায় হাজির হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের সরকারি বাংলো থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছন তিনি। এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর দায়ের করা মামলাটি গুরুত্বের ভিত্তিতে শুনানির তালিকায় অগ্রাধিকার পেয়েছে। ফলে মামলাটি ক্রমতালিকায় এগিয়ে এসেছে এবং দুপুর ১২টা নাগাদ শুনানির সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রী নিজে মামলাকারী হওয়ায় তিনি আইনজীবী হিসেবে সওয়াল করতে পারবেন না। তবে ‘ইন পারসন’ অর্থাৎ স্বয়ং মামলাকারী হিসেবে আদালতের সামনে নিজের বক্তব্য পেশ করার অনুমতি চাওয়া হবে। সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তিনি সরাসরি যুক্তি তুলে ধরতে চান।
মমতা ব্যানার্জির আবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে অন্য নথির উপর জোর না দিয়ে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের জারি করা একাধিক নির্দেশ বাতিলের দাবিও জানানো হয়েছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ দাবি—এসআইআর প্রক্রিয়ার পর সংশোধিত ভোটার তালিকা নয়, বরং বর্তমান ভোটার তালিকার ভিত্তিতেই যেন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন-এর করা মামলাও শুনানির তালিকায় প্রথমের দিকে রয়েছে। ১ নম্বর কোর্টের তালিকায় এই দুটি মামলা রয়েছে ২১ নম্বরে।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের অতিরিক্ত শুনানি তালিকায় ৩৬ নম্বরে রয়েছে বিশিষ্ট কবি জয় গোস্বামী-র দায়ের করা এসআইআর সংক্রান্ত মামলা এবং ৩৭ নম্বরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মামলা।
বুধবার এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি হবে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর নেতৃত্বাধীন বেঞ্চে। ওই বেঞ্চে আরও রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলি।
মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। কোনও ভিভিআইপি সুপ্রিম কোর্টে গেলে আগাম নিরাপত্তা ছাড়পত্র প্রয়োজন হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই ছাড়পত্র মিলেছে এবং তিনি নিজে প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত থাকবেন।
আবেদনে মমতা ব্যানার্জি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে তিনি সুপ্রিম কোর্টের শিষ্টাচার ও পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং প্রতিষ্ঠিত নিয়ম মেনেই নিজেকে পরিচালিত করবেন। তাঁর যুক্তি, এসআইআর প্রক্রিয়ার ফলে রাজ্যের সাধারণ বাসিন্দারা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা আদালতের সামনে স্পষ্টভাবে তুলে ধরতেই তাঁর ব্যক্তিগত উপস্থিতি প্রয়োজন।
এসআইআর ইস্যুতে রাজপথের আন্দোলনের পাশাপাশি এবার দেশের সর্বোচ্চ আদালতেও সরাসরি লড়াইয়ে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী এই শুনানি যে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।



